আলজাজিরা
ইরানে বিষাক্ত মদপানে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরো অন্তত ৫০০ জন। নভেম্বরের মাঝামাঝি থেকে দেশটির বিভিন্ন প্রদেশে মিথানল মেশানো মদ পান করে এসব মানুষ অসুস্থ হয়েছেন। মিথানল চিকিৎসায় জীবাণুনাশক ও ক্ষত পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়। এটি পান করলে মৃত্যুও হতে পারে।
দুই বছর আগে দূষিত মদ বিতরণের অভিযোগে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ইরান। ওই মদ পান করে ১৭ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ১৯৯ জন। তাদের মধ্যে কয়েকজনের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। এর দুই বছর পর দেশটিতে আবারও ব্যাপক আকারে বিষাক্ত মদপানের ঘটনা ঘটল।
মধ্য ইরানের ফার্স প্রদেশের মারভদাশতে গত ১৬ নভেম্বর প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর শুক্রবার পর্যন্ত ফার্স প্রদেশে ৬৬ জন, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে ১২৬ জন, রাজাভি খোরাসান প্রদেশে ২৩০ জন এবং পশ্চিম আজারবাইজান প্রদেশে ১৫ জন বিষাক্ত মদপানে আক্রান্ত হয়েছেন।
এসব ঘটনার পর অবৈধ মদ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। শুক্রবার পর্যন্ত দেশজুড়ে এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে প্রায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাজাভি খোরাসান প্রদেশের কৌঁসুলি জানান, রাজাভি খোরাসান, ফার্স ও হরমোজগান প্রদেশের বিষাক্ত মদপানের ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র রয়েছে। দূষিত মদ বিতরণের একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অবৈধ মদের উৎপাদন নিয়েও তদন্তের পরামর্শ
তেহরানের পুলিশের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শুধু মদ বিতরণব্যবস্থা নয়, অবৈধ মদ উৎপাদনের পুরো প্রক্রিয়া নিয়েও তদন্ত করতে হবে।
তিনি বলেন, ‘একাধিক শহর বা প্রদেশে মিথানল বিষক্রিয়ার ঘটনা ঘটলে তদন্তকারীদের শুধু বিতরণব্যবস্থার দিকে তাকালে চলবে না। উৎপাদনব্যবস্থাও খতিয়ে দেখতে হবে।’
ওই কর্মকর্তা আরো বলেন, অনেক সময় মদ বিক্রেতারা নিজেরাও জানেন না যে তাদের বিক্রি করা মদে বিষাক্ত উপাদান রয়েছে। এমন পরিস্থিতিতে দূষিত মদ উৎপাদনের জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার না করা পর্যন্ত তদন্ত চালিয়ে যেতে হয়।
১৯৮০ সালে ইসলামি বিপ্লবের পর ইরানে মদ নিষিদ্ধ করে আইন করা হয়। তবে খ্রিষ্টান ও ইহুদিদের মতো ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ওয়াইনসহ কিছু মদ্যপ পানীয় গ্রহণের সুযোগ রয়েছে।
দেশটিতে মদ কেনাবেচা বেআইনি। মদ পান করলে ৮০টি বেত্রাঘাত ও কারাদণ্ডের মতো শাস্তি হতে পারে। বারবার একই অপরাধ করলে মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে।
কঠোর আইন থাকা সত্ত্বেও ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর সম্প্রতি নাগরিকদের মদ পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। তবে কেউ মদ পান করার পর অস্বাভাবিক কোনো উপসর্গ অনুভব করলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
পুলিশের সাবেক ওই গোয়েন্দা কর্মকর্তার মতে, উৎপাদনে সস্তা চিকিৎসায় ব্যবহৃত অ্যালকোহল ব্যবহার করায় অবৈধ মদ পান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
তিনি বলেন, ‘তারা সাধারণত চিকিৎসায় ব্যবহৃত ইথানল কিনে তার সঙ্গে নির্দিষ্ট পরিমাণ আঙুর বা খেজুর থেকে তৈরি অ্যালকোহল মেশায়। এরপর তা বিক্রি করে। কেউ কেউ রং ও স্বাদ পরিবর্তনের জন্য চা বা অ্যাকর্নের নির্যাস ব্যবহার করে। আবার কেউ বাণিজ্যিক মদের মতো স্বাদ ও চেহারা দিতে টেকিলা বা হুইস্কির মতো স্বাদযুক্ত উপাদান মেশায়।’
তিনি আরো বলেন, চিকিৎসায় ব্যবহৃত অ্যালকোহলে সাধারণত ইথানল থাকার কথা। কিন্তু বিভিন্ন কারণে এতে কখনো কখনো মিথানলের সামান্য পরিমাণ বা বেশি ঘনত্ব থাকতে পারে। মদ তৈরিতে ব্যবহৃত ইথানল মিথানল দিয়ে দূষিত হলে চূড়ান্ত পানীয় অত্যন্ত বিষাক্ত হয়ে উঠতে পারে। এমনকি উৎপাদকেরাও অনেক সময় বুঝতে পারেন না যে তারা যে অ্যালকোহল কিনেছেন, সেটি দূষিত। ফলে ভোক্তারা মারাত্মক বিষক্রিয়ার ঝুঁকিতে পড়েন।
দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি
ইরানের বড় শহরগুলোতে মদ সহজলভ্য বলে জানিয়েছেন দেশটির নাগরিকেরা। ২০১০-এর দশকের শুরুর দিকে দেশটিতে পরিচালিত দুটি সরকারি গবেষণায় ১৫ থেকে ৬৪ বছর বয়সিদের মধ্যে মদ্যপানের প্রবণতা বাড়ার তথ্য উঠে আসে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১১ সালে পরিচালিত জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপে দেখা যায়, প্রতি এক লাখ মানুষের মধ্যে ৮৩০ জন মদে আসক্ত। সংখ্যার হিসাবে তা প্রায় ৬ লাখ ২৩ হাজার। একই জরিপে প্রতি এক লাখ মানুষের মধ্যে ২ হাজার ৮০০ জনের বিনোদনমূলকভাবে মদ পানের তথ্য পাওয়া যায়।
আরেকটি জরিপে ১৮ বছরের কম বয়সি তরুণ এবং নারীদের মধ্যে মদ্যপানের প্রবণতা বিশেষভাবে বাড়ার কথা বলা হয়। তবে ২০২১ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরেকটি গবেষণায় ইরানে মদ্যপানের প্রবণতা বৃদ্ধি নিয়ে মিশ্র চিত্র উঠে আসে।
ইরানের মাশহাদের সাধারণ চিকিৎসক শাদি হাসানজাদেহ আলজাজিরাকে বলেন, রোগীরা যখন ঝাপসা দেখা, ধীরে ধীরে চেতনা হারানো কিংবা খিঁচুনির মতো গুরুতর সমস্যায় পড়েন, তখনই তারা বুঝতে পারেন যে এটি সাধারণ মদ্যপানের প্রভাব নয়। এরপর চিকিৎসা নিতে যান। তবে ততক্ষণে অনেক ক্ষেত্রে তাদের দৃষ্টিশক্তি বাঁচানো কঠিন হয়ে পড়ে।
হাসানজাদেহ বলেন, ‘ঘরে তৈরি মদে মিথানল বা শিল্পকারখানায় ব্যবহৃত অ্যালকোহল মেশানো অত্যন্ত বিপজ্জনক। কারণ, পানীয়তে এটি আছে কি না, তা ভোক্তাদের পক্ষে বোঝার কোনো উপায় নেই। এর প্রভাব বোঝা যাওয়ার আগেই শরীরের গুরুতর ক্ষতি হয়ে যেতে পারে।’
তেহরানের একটি চক্ষু হাসপাতালের নার্স মরিয়ম আলজাজিরাকে বলেন, ইরানে মদ নিষিদ্ধ হলেও অবৈধ মদ পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা সাধারণত চিকিৎসকদের কাছে মদ পানের বিষয়টি গোপন করেন না।
তিনি বলেন, ‘শিল্পকারখানায় ব্যবহৃত অ্যালকোহল পান করলে অন্ধত্ব হতে পারে—এমন ধারণা ব্যাপকভাবে প্রচলিত। এ কারণে চক্ষু হাসপাতালগুলোতেই অনেকে প্রথমে চিকিৎসা নিতে আসেন। তাদের সবচেয়ে সাধারণ উপসর্গ হলো দৃষ্টিশক্তির সমস্যা।’
মরিয়মের মতে, শিল্পকারখানায় ব্যবহৃত অ্যালকোহল পান করার পর দ্রুত চিকিৎসা নিলে দৃষ্টিশক্তি রক্ষার সম্ভাবনা বাড়ে—এ বিষয়টি অনেকেই জানেন না। বিষক্রিয়ার বিষয়টি বুঝতে না পারায় তারা চিকিৎসা নিতে দেরি করেন। ফলে অনেক ক্ষেত্রে চিকিৎসকদের আর কিছু করার থাকে না।
তিনি আরো বলেন, সাধারণত সপ্তাহের শেষে এবং জাতীয় উৎসবের সময় মদপানে বিষক্রিয়ার ঘটনা বেশি ঘটে। এসব সময়ে ইরানিরা কর্মব্যস্ততা ও পড়াশোনার চাপ থেকে কিছুটা অবসর পান।
মরিয়ম বলেন, ‘মিথানল পান করার প্রথম ২৪ ঘণ্টায় এর উপসর্গ সাধারণ হ্যাংওভারের মতো মনে হতে পারে। ফলে বিপদের বিষয়টি বুঝতে অনেকের অসুবিধা হয়। প্রায় ৭২ ঘণ্টা পর উপসর্গ গুরুতর হয়ে উঠলে তাঁরা বুঝতে পারেন, বড় কোনো সমস্যা হয়েছে।’





