উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির কোনো প্রভাব ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পড়েনি। রোববার সকাল থেকেই উপজেলার সর্বত্র জনজীবন স্বাভাবিক রয়েছে। অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে চলছে যানবাহন, খোলা রয়েছে অফিস-আদালত, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান।


সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, নবীনগর পৌরসভার আলীয়াবাদ বাসস্ট্যান্ড থেকে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন গন্তব্যের দূরপাল্লার বাস যথাসময়ে ছেড়ে গেছে। এ ছাড়া নবীনগর-কোম্পানীগঞ্জ এবং নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কে অন্যান্য দিনের মতোই ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল করছে। নৌপথেও কোনো বিঘ্ন ঘটেনি; নবীনগর লঞ্চঘাট থেকে ভৈরব এবং সলিমগঞ্জ লঞ্চঘাট থেকে নরসিংদীর উদ্দেশে লঞ্চ, স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকা যথাসময়ে ছেড়ে গেছে।


এদিকে নবীনগর উপজেলা সদরে প্রতিদিনের মতোই স্বাভাবিক যানজট লক্ষ করা গেছে। সরকারি-বেসরকারি অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং হাট-বাজার ও দোকানপাট যথারীতি খোলা রয়েছে। কর্মজীবী মানুষ ও সাধারণ নাগরিকেরা নির্বিঘ্নে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। উপজেলার কোথাও লকডাউনের পক্ষে কিংবা বিপক্ষে কোনো ধরনের মিছিল বা সমাবেশ দেখা যায়নি।


এ বিষয়ে নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী জানান, নবীনগরে অন্যান্য দিনের মতো আজও মানুষের যাতায়াত ও যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। দোকানপাট ও অফিস-আদালত খোলা আছে। এলাকায় লকডাউনের কোনো ছিটেফোঁটাও নেই এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।