লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক তরুণী নিহত হয়েছে।


রোববার (২৯ নভেম্বর) সকালে পদ্মা সেতুর উত্তর থানার ওসি সৈয়দ মো: আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার রাত ৩টার দিকে সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।


ওসি জানান, মোটরসাইকেলে চালকসহ দুই আরোহী পদ্মা সেতু জাজিরা প্রান্ত থেকে মাওয়া প্রান্তের দিকে আসছিলেন। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন নিহত তরুণী। পথের মধ্যে সেতুর ৯ নম্বর পিলার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক তরুণীকে ফেলে পালিয়ে যায়।


পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহযোগিতায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার অনুমানিক বয়স ১৭-১৮ বছর।


এদিকে, জেলা পুলিশ ও পদ্মা সেতুর উত্তর থানা পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় শনাক্তের জন্য সহযোগিতা চাওয়াসহ কারও কাছে কোনো তথ্য থাকলে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।