চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় চারটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে দুইটি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে মহাসড়কের চান্দিনা বাস স্টেশন সংলগ্ন এলাকার চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে কেউ নিহত না হলেও অন্তত ৩০ জনকে আহতাবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতরদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি জানান, চট্টগ্রামমুখী চলন্ত একটি লরির পিছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লামুখী তিশা প্লাস নামের একটি যাত্রীবাহী বাস। ওই বাসটির পিছনে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস, ওই বাসের পিছনে ধাক্কা দেয় একই অভিমুখের একটি মাইক্রোবাস।
তিনি বলেন, ‘মূলত চলন্ত অবস্থায় প্রতিটি গাড়ির দূরত্ব খুব কম ছিল। লরির পিছনে ধাক্কা দেয়ার সাথে সাথেই পিছনের গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।’
স্থানীয়রা দু’টি পাশের ও মাইক্রোবাসের চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডাক্তার রানা জানান, আমাদের হাসপাতাল থেকে আটজনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে, এখনো সবার নাম ঠিকানা রেজিস্টার খাতায় তোলা হয়নি। আহতদের সংখ্যাও সঠিকভাবে নির্ধারণ করা যাচ্ছে না।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধারের চেষ্টা চলছে।’






