স্টাফ রিপোর্টার
রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাত ৯টার দিকে গুলশানের ১১৩ নম্বর সড়কের ১ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ, স্বপন ভট্টাচার্য বিগত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তার স্থায়ী ঠিকানা যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে।






