নিজস্ব প্রতিবেদক
ব্যবহারিক ও কারিগরি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষাক্রমের ন্যূনতম ৩০ শতাংশ স্বেচ্ছাসেবাভিত্তিক করার প্রস্তাব দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। একই সঙ্গে পাঠ্যপুস্তকে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সমন্বয়, মাদ্রাসা শিক্ষার স্বাতন্ত্র্য রক্ষা এবং পাঠ্যবই প্রকাশের আগে উন্মুক্ত পর্যালোচনার ওপর জোর দিয়েছেন তিনি। ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক এক লিখিত প্রস্তাবে তিনি এসব বিষয় তুলে ধরেছেন।
প্রস্তাবনায় ব্যবহারিক ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ব্যবহারিক পরীক্ষা অনেক ক্ষেত্রেই কেবল খাতা জমা দেওয়া ও আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রয়েছে। হাতে-কলমে কাজ ও বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করার কাঠামো ও মূল্যায়ন নিশ্চিত করার পাশাপাশি মূলধারার শিক্ষায় কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক শিক্ষা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন তিনি। উদাহরণ হিসেবে তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে জানান, ২২টি বিভাগে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে ২০২৫ সালে ১৩ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ১৮৪ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়, যাঁরা ১২ মাসে ৪২ কোটি টাকা উপার্জন করতে সক্ষম হয়েছেন। এ ছাড়া প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইংরেজি পড়েও চারটি মৌলিক ভাষাদক্ষতা (রিডিং, রাইটিং, লিসেনিং ও স্পিকিং) অর্জনে ঘাটতির কথা উল্লেখ করে তিনি শিখন ও মূল্যায়ন ব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ের আহ্বান জানান। মাদ্রাসার ক্ষেত্রে আরবি ভাষাদক্ষতার বিষয়েও একই পর্যবেক্ষণের কথা বলেন তিনি।
শিক্ষাক্রমের অন্তত ৩০ শতাংশ স্বেচ্ছাসেবাভিত্তিক কার্যক্রমে বাস্তবায়নের প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি কৃষি, পরিবেশ রক্ষা কিংবা কারিগরি ও শিল্পপ্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবা বা ইন্টার্নশিপের সুযোগ থাকলে প্রায় চার কোটি শিক্ষার্থীর সম্মিলিত অবদানে দেশ উপকৃত হবে। এতে শিক্ষার্থীদের একটি অংশের কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সময় নষ্ট করার প্রবণতা কমবে বলে মনে করেন তিনি। এ ক্ষেত্রে ২০২৪ সালের বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ১৬৪ কোটি টাকার ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সাধারণ মানুষের স্বেচ্ছাসেবার মাধ্যমে পরিচালন ব্যয় ১ শতাংশের নিচে রাখার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
মাদ্রাসা শিক্ষার স্বাতন্ত্র্য রক্ষার বিষয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, সাধারণ ধারার পাঠ্যবই হুবহু ব্যবহার করায় অনেক সময় মাদ্রাসা শিক্ষার দর্শন ও মুসলিম পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক বিষয় চলে আসে। তাই মাদ্রাসার সাধারণ পাঠ্যবই চূড়ান্ত করার আগে বিশেষজ্ঞ আলেম, শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের দিয়ে যাচাই করার প্রস্তাব দেন তিনি। আলিয়া মাদ্রাসার নবম ও দশম শ্রেণির আটটি বই পর্যালোচনায় শতাধিক বিষয় ইসলামী মূল্যবোধ এবং কুরআন ও হাদিস পরিপন্থি পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থি বিষয়মুক্ত পাঠ্যপুস্তক প্রণয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, ধর্মকে বিচ্ছিন্ন অংশ হিসেবে না দেখে মূল্যবোধ ও জীবনদর্শনের ভিত্তি হিসেবে বিবেচনা করা উচিত, যেখানে সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় বিশ্বাস ও সংখ্যালঘুদের অধিকার ন্যায় ও মর্যাদার সঙ্গে সংরক্ষিত থাকবে। এ ছাড়া র্যাল্ফ টাইলার, জন ডিউই ও ইউনেস্কোর প্রতিবেদন উদ্ধৃত করে তিনি বলেন, শিক্ষাক্রমে জনগণের আকাঙ্ক্ষা ও স্থানীয় সংস্কৃতি-ঐতিহ্যের প্রতিফলন থাকা জরুরি। বাংলাদেশের প্রেক্ষাপটে অভিভাবকদের কুরআন শিক্ষার আগ্রহের কথা উল্লেখ করে রাষ্ট্রীয় শিক্ষাক্রমে বিশুদ্ধ কুরআন শিক্ষাকে বাধ্যতামূলক করার প্রস্তাব দেন তিনি।
পাঠ্যপুস্তক লেখক ও সম্পাদকদের জন্য ‘মূল্যবোধ-সংবেদনশীলতা নির্দেশিকা’ প্রণয়ন এবং বিষয়ভিত্তিক শিক্ষাক্রমে নৈতিক ও ইসলামী মূল্যবোধ একীভূত করার প্রস্তাবও রয়েছে তাঁর প্রস্তাবে। এর মধ্যে সাহিত্য, সমাজবিজ্ঞান, বিজ্ঞান, গণিত, অর্থনীতি ও তথ্যপ্রযুক্তির মতো বিষয়ে প্রাসঙ্গিক নৈতিক ও ব্যবহারিক ধারণা যুক্ত করার কথা বলা হয়েছে। পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রতিটি স্তরের কমিটিতে স্বীকৃত আলেম, ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিশেষজ্ঞদের স্থায়ী প্রতিনিধিত্বের দাবি জানান তিনি।
বিবর্তনবাদ ও মহাবিশ্বের উৎপত্তি-সংক্রান্ত তত্ত্বগুলোকে চূড়ান্ত সত্য হিসেবে না দেখিয়ে বৈজ্ঞানিক তত্ত্ব ও অনুকল্প হিসেবে উপস্থাপনের পাশাপাশি স্রষ্টার কুদরতের যৌক্তিক দৃষ্টিভঙ্গি বিবেচনায় নেওয়ার কথা বলেন শায়খ আহমাদুল্লাহ। এ ছাড়া বাংলা সাহিত্য ও ইতিহাসে মুসলিম ঐতিহ্য ও উলামায়ে কেরামের অবদান ভারসাম্যপূর্ণভাবে তুলে ধরা, মাধ্যমিক স্তরে আরবিকে ঐচ্ছিক তৃতীয় ভাষা হিসেবে চালুর সুযোগ রাখা এবং শিক্ষাক্রমে ইসলামী ব্যাংকিং ও অর্থনীতির মৌলিক বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি। সবশেষে নতুন বা পরিমার্জিত পাঠ্যবই প্রকাশের অন্তত তিন মাস আগে খসড়া অনলাইনে উন্মুক্ত করে গণপর্যালোচনার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।






