লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের মধ্যেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুতে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। আজ সারাদিনে প্রায় ৪০ মিনিটের মতো যান চলাচল ব্যাহত হলেও দিনের বাকি সময় পুরোপুরি স্বাভাবিক ছিল।
তবে অন্যান্য দিনের তুলনায় দূরপাল্লার যানবাহনের সংখ্যা অনেকাংশে কম ছিল। এরপরও সেতুর দুই প্রান্ত দিয়ে সর্বশেষ ১৯ ঘণ্টায় মোট আট হাজার ৫৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৯৭ লাখ ৯৩ হাজার ১০০ টাকা।
পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে আজ রোববার রাত ৭টা পর্যন্ত ১৯ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে মোট আট হাজার ৫৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৯৭ লাখ ৯৩ হাজার ১০০ টাকা। এর মধ্যে শরীয়তপুরের জাজিরা প্রান্ত দিয়ে মাওয়ামুখী তিন হাজার ৯৭৬টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ৪১ লাখ ১৫ হাজার ২০০ টাকা। অন্যদিকে, মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে জাজিরামুখী চার হাজার ৫৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ৫৬ লাখ ৭৭ হাজার ৯০০ টাকা।
রোববার রাত ৯টায় সেতু কর্তৃপক্ষের মাওয়া সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকলেও সেতুতে যানবাহন পারাপার অনেকটাই স্বাভাবিক ছিল। তবে ভোরে জাজিরা প্রান্তে নাওডোবা এলাকার পরিস্থিতির কারণে যাত্রী ও যানবাহনের ভোগান্তি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে ৪০ মিনিটের মতো সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়। সাময়িকভাবে শুধুমাত্র সকাল ৬টা ৪০ মিনিট থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। এরপর থেকে সারাদিনই যান চলাচল পুরোপুরি স্বাভাবিক ছিল।
পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন জানান, সকালে ৪০ মিনিটের মতো যান চলাচল ব্যাহত হলেও এখন পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক রয়েছে। মাওয়া প্রান্তের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।




