নিজস্ব প্রতিবেদক
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও উঠতি বয়সী তরুণদের বিপথগামিতা রোধে তারুণ্যকে মসজিদ ও আল্লাহমুখী করতে দেশের প্রতিটি মসজিদ ও মহল্লায় ‘রিজালুল ফজর’ বা ‘ফজরের বীর’ ক্যাম্পেইন চালুর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
নতুন প্রজন্মের মধ্যে ইসলামি চেতনা জাগ্রত হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি লেখেন, আজকের শিশুরাই উম্মাহর আগামী নির্মাতা। তাই ঘুমন্ত উম্মাহর জাগরণ ত্বরান্বিত করতে এমন উদ্যোগ সব মুসলিম দেশের বরং প্রতিটি মুসলিম মসজিদ ও মহল্লায় ছড়িয়ে পড়া উচিত। সেক্যুলার বিশ্বব্যবস্থা যে প্রজন্মকে ইসলামের শিকড় থেকে দূরে সরিয়ে দিচ্ছিল, সে প্রজন্মের মধ্যেই আল্লাহর আনুগত্য ও মসজিদের ভালোবাসা জেগে ওঠা সত্যিই আশাব্যঞ্জক। এটাই ইসলামের অন্তর্নিহিত শক্তি। একে দুনিয়ার যত শক্তি দিয়েই দমিয়ে রাখার চেষ্টা করা হোক, সুযোগ পেলেই সেটি দপ করে জ্বলে ওঠে।
দেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপট উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, “আজ বাংলাদেশে মহল্লায় মহল্লায় কিশোর গ্যাং এবং উঠতি বয়সী তরুণদের নিয়ে বোদ্ধামহল চিন্তিত। আমরা মনে করি, তারুণ্যকে মসজিদ ও আল্লাহমুখী করার মধ্যেই এর সমাধান নিহিত রয়েছে। এমন প্রেক্ষাপটে প্রতিটি মসজিদ থেকে ফজর ক্যাম্পেইন শুরু হওয়া দরকার। আমি বাংলাদেশের সব মসজিদের সম্মানিত ইমাম ও প্রতিটি মসজিদ কমিটির দৃষ্টি আকর্ষণ করছি—আসুন সবাই এই উদ্যোগ চালু করি।”
এ ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে মাওলানা মামুনুল হক ছয় দফা প্রস্তাবনাও তুলে ধরেন। প্রস্তাবনাগুলো হলো— ১. লাগাতার চল্লিশ দিন ফজরের নামাজে শামিল হওয়া কিশোরদের জন্য আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা। ২. মসজিদে মসজিদে ফজরের সময় ফুল দিয়ে তাদের স্বাগত জানানো। ৩. ফজরের পর ইমাম সাহেব কিশোরদের জন্য একটি করে ছোট্ট শিক্ষণীয় হাদিস উপস্থাপন করবেন এবং এরপর কমিটির পক্ষ থেকে হালকা আপ্যায়ন বা নাশতার ব্যবস্থা রাখা। ৪. কিশোরদের বাবা-মাকে এ কাজে উদ্বুদ্ধ করা। ৫. প্রাথমিক বিদ্যালয় ও স্কুলগুলোর শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মসজিদে আসার জন্য তাগিদ দেওয়া। ৬. বিভিন্ন সামাজিক সংগঠন ও মুসলিম এনজিওর পক্ষ থেকে ‘ফজরের বীর’দের নিয়ে নানা রকমের শরীরচর্চা ও সুস্থ বিনোদনমূলক উদ্যোগের ঘোষণা দেওয়া।






