বিএটি বাংলাদেশের কমার্শিয়াল ডিরেক্টর হলেন রাজীব আহমেদ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসির (বিএটি বাংলাদেশ) নতুন কমার্শিয়াল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রাজীব আহমেদ। ২০২৬ সালের নভেম্বর থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হয়েছে।


আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিক কার্যক্রম, বিপণন, ব্র্যান্ড নেতৃত্ব ও পোর্টফোলিও কৌশলে দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে রাজীব আহমেদের।


বিএটি বাংলাদেশে যোগদানের মধ্য দিয়েই তাঁর পেশাগত জীবনের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে তিনি ট্রেড মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন, ব্র্যান্ড মার্কেটিং, রুট টু কনজিউমার, পোর্টফোলিও কৌশল, কনজিউমার এক্সপেরিয়েন্স এবং গ্লোবাল ব্র্যান্ড লিডারশিপসহ বিভিন্ন ক্ষেত্রে জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন।


আন্তর্জাতিক পর্যায়ে উত্তর এশিয়া, যুক্তরাজ্য ও পাপুয়া নিউগিনিতে বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। লন্ডনে কর্মরত অবস্থায় তিনি গ্লোবাল ব্র্যান্ড প্ল্যানিং ম্যানেজার ও গ্লোবাল ব্র্যান্ড গ্রুপ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় পোর্টফোলিও কৌশল প্রণয়ন, আন্তর্জাতিক বাজারে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ এবং সমন্বিত বৈশ্বিক ব্র্যান্ড প্ল্যাটফর্ম উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।


নতুন দায়িত্ব গ্রহণের আগে রাজীব আহমেদ জাপানভিত্তিক নর্থ এশিয়া অঞ্চলের হেড অব পোর্টফোলিও হিসেবে কর্মরত ছিলেন। এ পদে তিনি জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোর কৌশলগত বিপণন ও পোর্টফোলিও ব্যবস্থাপনায় নেতৃত্ব দেন।


নতুন দায়িত্ব প্রসঙ্গে রাজীব আহমেদ বলেন, ‘বিএটি বাংলাদেশে নতুন এই দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এখান থেকেই আমার পেশাগত জীবনের যাত্রা শুরু। পরবর্তী সময়ে বিভিন্ন দেশের বাজার ও বৈশ্বিক দলের সঙ্গে কাজ করার সুযোগ আমার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে। সেই অভিজ্ঞতা এবার দেশের বাজারে কাজে লাগিয়ে দক্ষ সহকর্মীদের সঙ্গে প্রতিষ্ঠানের বাণিজ্যিক সক্ষমতা আরও জোরদার করতে চাই। একই সঙ্গে পরিবর্তনশীল বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানের টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করতে দায়িত্ব পালন করতে চাই।’