নিজস্ব প্রতিবেদক

প্রকৌশলী আবদুল আউয়াল তার কর্মজীবনের শুরুতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ কনসালট্যান্টস লিমিটেড (বিসিএল) এবং ইরাকে একটি জাপানি প্রতিষ্ঠানে কাজ করেছেন। সিঙ্গাপুরে চাকরির সুযোগ থাকলেও দেশের টানে এবং পরিবারের কথা ভেবে তিনি দেশে ফিরে আসেন। ১৯৮৩ সালের ডিসেম্বরে তিনি ‘দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ (এসইএল) প্রতিষ্ঠা করেন। শুরুতে নির্মাণকাজ ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তৈরির মাধ্যমে যাত্রা শুরু করলেও স্থপতি মোবাশ্বের হোসেনের পরামর্শে তিনি আবাসন ব্যবসায় যুক্ত হন।


ব্যবসায়িক সাফল্যের বিষয়ে আবদুল আউয়াল বলেন, ব্যাংক থেকে সুদে ঋণ না নিয়েও কেবল সততা, অঙ্গীকার ও বিশ্বাসযোগ্যতাকে পুঁজি করে তিনি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সরবরাহকারী ও ব্যবসায়িক অংশীদারদের কাছে আস্থার জায়গা তৈরি করায় তারা বিনা দ্বিধায় রড, সিমেন্ট ও পাথর সরবরাহ করেছেন। এসইএলের কাছে কারও পাওনা কখনো বকেয়া থাকেনি, যা তাদের বড় শক্তি হিসেবে কাজ করেছে।


প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে তিনি ২০০০ সালে পান্থপথে নিজস্ব অফিস ভবন ‘সেল সেন্টার’ নির্মাণ এবং ধানমন্ডি ৬ নম্বর রোডের ‘কর্ণফুলী’ প্রকল্পের কথা উল্লেখ করেন। করোনাকালেও স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার বিষয়টি তিনি তুলে ধরেন।


আবাসন খাতের বর্তমান সংকট নিয়ে তিনি বলেন, জমির মালিকদের অতিরিক্ত চাহিদা এবং নিয়ম না মেনে ভবন নির্মাণের প্রবণতা বড় চ্যালেঞ্জ। অনেক ক্ষেত্রে চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। আবাসন সংকট সমাধানে তিনি সরকারের পক্ষ থেকে গণ-আবাসন প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন, যেখানে বেসরকারি খাত সহযোগী হিসেবে কাজ করবে।


ক্রেতা ও জমির মালিকদের উদ্দেশে তিনি পরামর্শ দেন, কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগের আগে তাদের অতীত রেকর্ড, পূর্ববর্তী প্রকল্প হস্তান্তর এবং অভিজ্ঞ প্রকৌশলীর পরামর্শ যাচাই করা জরুরি। পরিশেষে তিনি জানান, এসইএলের প্রায় ৬০ শতাংশ ক্রেতাই পুরোনো গ্রাহক, যারা প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখেন। সহকর্মীদের প্রতি তার আহ্বান, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে এসইএল আগামী দিনেও মানুষের আস্থার প্রতীক হয়ে থাকবে।