নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে নলকূপ খননের সময় বের হওয়া গ্যাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাতজন সদস্য আহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করে বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম জানান, সম্প্রতি আগুন নেভানোর পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়ে আসে।


এ ঘটনায় বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও রিগ মেকানিক মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন। তাদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরা এবং বাকি তিনজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।


এর আগে টানা এক মাস পর ইনানীর ওই গ্যাসকূপের আগুন নেভানো হয় এবং এরপর সেখানে সার্ভের কাজ শুরু করা হয়। গত ২৭ অক্টোবর কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাস উদ্‌গিরণ শুরু হয় এবং একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে যায়।


সংশ্লিষ্টদের ধারণা, এই আগুনের নিচে ৫০০ পিএসআই প্রাকৃতিক গ্যাস থাকতে পারে।