নিজস্ব প্রতিবেদক
পর্দায় তাঁর উপস্থিতি মানেই একধরনের মুগ্ধতা। কখনো শান্ত, সংযত প্রেমিক; কখনো আত্মবিশ্বাসী তরুণ; আবার কখনো জটিল ব্যক্তিত্বের কোনো চরিত্র। অভিনয়ের পাশাপাশি কণ্ঠেও রয়েছে আলাদা পরিচয়। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকের কাছে পরিচিত হয়ে উঠেছেন ফাওয়াদ খান। ২৯ নভেম্বর তাঁর জন্মদিন। ১৯৮১ সালের এই দিনে পাকিস্তানের করাচিতে জন্ম নেওয়া এই অভিনেতার বয়স এখন ৪৫ বছর।
তবে এবারের জন্মদিনে শুধু তাঁর অভিনয় কিংবা সংগীতজীবন নয়, আলোচনায় এসেছে নেটফ্লিক্সের নতুন সিরিজ। পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ হিসেবে পরিচিত ‘জো বাচায় হ্যায় সাং সামেত লো’ মুক্তির আগেই ভারতে বিতর্কের মুখে পড়েছে। সিরিজটির অন্যতম প্রধান অভিনেতা ফাওয়াদ। ফলে নতুন কাজের প্রচারের পাশাপাশি আবারও আলোচনায় এসেছে ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন এবং দুই দেশের শিল্পীদের কাজের সুযোগ।
ব্যান্ডের গায়ক থেকে জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খানের পরিচয়ের শুরুটা কিন্তু অভিনয় দিয়ে নয়, সংগীত দিয়ে। কৈশোর থেকেই গিটার, বেজ ও ড্রামস বাজাতে পারতেন তিনি। ২০০০ সালের শুরুর দিকে পাকিস্তানের রক ব্যান্ড ‘এন্টিটি প্যারাডাইম’-এর প্রধান কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি পান তিনি। ২০০৩ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ইরতিকা’ প্রকাশিত হয়। অ্যালবামের ‘রাহগুজার’ গানটি শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। ব্যান্ডের হয়ে প্রায় ২৫০টি মঞ্চানুষ্ঠানে অংশ নিয়েছিলেন ফাওয়াদ। ২০১০ সালে ব্যান্ডটি আবার একত্র হয়ে কোক স্টুডিওতে ‘বলো বলো’ গানটি পরিবেশন করে। একই বছর প্রকাশিত হয় ‘শোর মাচা’। সংগীতের এই অভিজ্ঞতা তাঁর অভিনয়জীবনেও কাজে এসেছে।
অভিনয়ের শুরু টেলিভিশন দিয়ে। ২০০০ সালের শুরুর দিকে ‘জুট অ্যান্ড বন্ড’ নামের সিটকমে অভিনয় করেন। তবে বড় পর্দায় তাঁর অভিষেক হয় ২০০৭ সালে, শোয়েব মনসুর পরিচালিত ‘খুদা কে লিয়ে’ ছবির মাধ্যমে। ধর্মীয় গোঁড়ামি, ব্যক্তিস্বাধীনতা ও সামাজিক বাস্তবতার মতো বিষয় নিয়ে নির্মিত ছবিটি পাকিস্তানের চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ জায়গা করে নেয়। ফাওয়াদের অভিনয়ও প্রশংসিত হয়। এ ছবির জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পান তিনি।
ফাওয়াদ খানের জনপ্রিয়তার বড় বাঁক আসে টেলিভিশন নাটকে। ২০১০ সালে দেশভাগের পটভূমিতে নির্মিত ‘দাস্তান’ তাঁকে অভিনয়শিল্পী হিসেবে আরও পরিচিত করে তোলে। এরপর ২০১১ সালে মাহিরা খানের বিপরীতে ‘হামসফর’ নাটকে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান তিনি। ‘হামসফর’-এ আশার চরিত্রে মাহিরা খান আর আসারের চরিত্রে ফাওয়াদ খানের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। নাটকটি শুধু পাকিস্তানেই নয়, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে জনপ্রিয়তা পায়। বিশেষ করে ভারতীয় টেলিভিশন চ্যানেল জিন্দাগিতে পাকিস্তানি নাটক সম্প্রচারের পর দুই দেশের দর্শকের মধ্যে ফাওয়াদের পরিচিতি আরও বাড়ে।
এরপর ২০১২ সালে ‘জিন্দেগি গুলজার হ্যায়’ নাটকে কাশফের বিপরীতে জারুন চরিত্রে অভিনয় করেন তিনি। এই সিরিয়ালেও তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পায়। ‘হামসফর’ ও ‘জিন্দেগি গুলজার হ্যায়’—দুটি নাটকই ফাওয়াদকে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় রোমান্টিক অভিনেতাদের সারিতে নিয়ে যায়। বাংলাদেশের দর্শকদের কাছেও এই নাটকগুলোর মাধ্যমে তাঁর পরিচিতি বাড়ে।
পাকিস্তানি টেলিভিশনে জনপ্রিয়তা পাওয়ার পর বলিউডেও সুযোগ আসে ফাওয়াদের। ২০১৪ সালে সোনম কাপুরের বিপরীতে ‘খুবসুরত’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। ছবিতে রাজকীয় পরিবারের এক সংযত, মার্জিত তরুণের চরিত্রে অভিনয় করেন এবং ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেতার পুরস্কার পান। এরপর ২০১৬ সালে করণ জোহরের ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে রাহুল কাপুর চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। একই বছর করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতেও বিশেষ চরিত্রে দেখা যায় তাঁকে।
কিন্তু ২০১৬ সালে ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করা নিয়ে বিতর্ক তৈরি হয়। মহারাষ্ট্র নবনির্মাণ সেনাসহ বিভিন্ন সংগঠনের বিরোধিতার মুখে পড়েন পাকিস্তানি শিল্পীরা। ফাওয়াদের বলিউডে কাজের পথও বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় হিন্দি চলচ্চিত্রে তাঁকে দেখা যায়নি।
বলিউডে কাজের সুযোগ বন্ধ হলেও আন্তর্জাতিক পরিসরে ফাওয়াদের উপস্থিতি থেমে থাকেনি। ২০২২ সালে মার্ভেল স্টুডিওর সিরিজ ‘মিস মার্ভেল’-এ হাসান চরিত্রে অভিনয় করেন তিনি। একই বছর মুক্তি পায় বিলাল লাশারির ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’। পাকিস্তানের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সফল এই ছবিতে নামভূমিকায় অভিনয় করেন ফাওয়াদ, যা পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের স্বীকৃতি পায়। এরপর ২০২৩ সালে ‘মানি ব্যাক গ্যারান্টি’ এবং ২০২৪ সালে আসিম আব্বাসির ‘বারজাখ’ সিরিজে অভিনয় করেন। ২০২৫ সালে মাহিরা খানের সঙ্গে আবার জুটি বাঁধেন ‘নীলুফার’ ছবিতে।
এবার ফাওয়াদের সামনে নতুন এক অধ্যায়। তাঁর অভিনীত ‘জো বাচায় হ্যায় সাং সামেত লো’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৪ ডিসেম্বর। ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটি পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন মোমিনা দুরাইদ। সিরিজটিতে ফাওয়াদের সঙ্গে অভিনয় করেছেন মাহিরা খান, সানাম সাঈদ, হানিয়া আমির, আহাদ রাজা মীর, ইকরা আজিজ, খুশহাল খান, মায়া আলী, বিলাল আশরাফ ও হামজা আব্বাসি।
তবে মুক্তির আগেই সিরিজটি রাজনৈতিক বিতর্কে জড়িয়েছে। ভারতের অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সিরিজটি দেশটিতে প্রচার না করার দাবি জানিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে নেটফ্লিক্সে সিরিজটির মুক্তি বন্ধের আহ্বান জানিয়েছে। এরপর ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও নেটফ্লিক্সকে ২০২৫ সালের ৮ মে জারি করা নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়েছে। তবে ২৮ নভেম্বর টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজটি দুবাইভিত্তিক এবং নেটফ্লিক্সের যুক্তরাষ্ট্রের মালিকানাধীন আঞ্চলিক উদ্যোগে নির্মিত।
ব্যক্তিজীবনে প্রচারের আলো থেকে দূরে থাকা ফাওয়াদ কৈশোরে পরিচয় হওয়া সাদাফ খানের সঙ্গে দীর্ঘ আট বছরের প্রেমের পর ২০০৫ সালের ১২ নভেম্বর বিয়ে করেন। তাঁদের সংসারে দুই সন্তান রয়েছে। শিক্ষাজীবনে তিনি লাহोरের ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার অ্যান্ড ইমার্জিং সায়েন্সেস থেকে কম্পিউটারবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সংগীত, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই সমানভাবে পরিচিত ফাওয়াদ খান তাঁর সংযত অভিনয়ের জন্য দক্ষিণ এশিয়ার দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছেন।






