নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের থাই গ্লাস, দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।


রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।


স্থানীয় বাসিন্দারা জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে সকাল থেকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা।


বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দক্ষিণ জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা চালান। এ সময় ভবনের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এক পর্যায়ে ব্যাংকের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর ভবন ভাড়া নিয়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম চলছিল বলে জানা যায়।


এ বিষয়ে বক্তব্য জানতে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।