নিজস্ব প্রতিবেদক

স্বাগতিকদের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। রোববার (২৯ নভেম্বর) ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্দারা নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় প্রথম অনুশীলনে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।


আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এর মধ্যে ১ ডিসেম্বর বিশান স্টেডিয়ামে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে দর্শকশূন্য গ্যালারিতে। আর ৫ ডিসেম্বর জালান বেসার স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।


নিয়মিত প্রধান কোচ পিটার বাটলার অসুস্থতাজনিত কারণে ইংল্যান্ডে চিকিৎসাধীন থাকায় এই সফরে দলের ডাগআউটে থাকছেন অন্তর্বর্তীকালীন কোচ এরিক মারে। এক মাসের জন্য ফরাসি এই কোচকে দায়িত্ব দিয়েছে বাফুফে।


মারিয়া মান্দার নেতৃত্বে ২৩ সদস্যের স্কোয়াডে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, তহুরা খাতুন, রুপনা চাকমা ও আফঈদা খন্দকারের মতো অভিজ্ঞ ফুটবলাররা রয়েছেন। চোট কাটিয়ে দলে ফিরেছেন স্বপ্না রানী। এ ছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন গোলরক্ষক হোমায়রা আক্তার হিমি ও ডিফেন্ডার আইরিন খাতুন জুনিয়র।


পরিসংখ্যানে সিঙ্গাপুরের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের। ২০১৭ সালে সিঙ্গাপুরের মাঠে ২-০ গোলে এবং সর্বশেষ ২০২৩ সালে ঢাকায় ৩-০ গোলে জিতেছিল বাংলাদেশ। এবারও সেই জয়ের ধারা বজায় রাখার প্রত্যয় নিয়ে মাঠে নামবে মারিয়া-ঋতুপর্ণারা।