নিজস্ব প্রতিবেদক

গত পাঁচ দশকে দেশে উচ্চশিক্ষার ব্যাপক সম্প্রসারণ ঘটলেও সে অনুপাতে শিক্ষার গুণগত মানের প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, উচ্চশিক্ষার সম্প্রসারিত সুযোগকে মানসম্মত শিক্ষায় রূপান্তর করতে সরকার, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে শুধু নীতি প্রণয়নই যথেষ্ট নয়; বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্ধারিত নীতিমালার যথাসময়ে ও যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে কার্যকর পরিবীক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।


রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) বিষয়ে আয়োজিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, উচ্চশিক্ষার এপেক্স রেগুলেটরি বডি হিসেবে ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন নীতি ও পরিকল্পনা প্রণয়ন করে এবং সেগুলোর বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। তবে নীতি বাস্তবায়নের মূল দায়িত্ব সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ন্যস্ত।


বিশ্ববিদ্যালয়গুলো নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে নীতি বাস্তবায়ন করছে কি না, তা পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব পালন করতে হয় কমিশনকে। নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পৃথক প্রতিষ্ঠানের ওপর অর্পিত থাকায় এ কার্যক্রম পরিচালনা ইউজিসির জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, সরকারি, স্বায়ত্তশাসিত ও সরকারের আওতাধীন প্রতিটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে অর্পিত দায়িত্ব সম্পন্ন করে প্রত্যাশিত ফলাফল অর্জন করা। সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির মূল উদ্দেশ্যও হলো নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন নিশ্চিত করা। ইউজিসির নিজস্ব দায়িত্ব, কার্যপরিধি ও প্রাতিষ্ঠানিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এ পদ্ধতির কার্যকর প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন বলেন, দেশের উচ্চশিক্ষাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সরকার ও ইউজিসি বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো, গবেষণার অনুকূল পরিবেশ সৃষ্টি, শিক্ষাক্রমে ইন্টার্নশিপ অন্তর্ভুক্ত করা এবং শিল্প ও বাণিজ্যপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা জোরদারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।


ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জেসমিন পারভীন, অডিট বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) নাহিদ সুলতানাসহ ৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। কর্মশালায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব লিউজা-উল-জান্নাহ সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির বিভিন্ন দিক ও এর কার্যকর প্রয়োগ বিষয়ে আলোচনা করেন।


উল্লেখ্য, সরকারি দপ্তরগুলোর কর্মসম্পাদনের মান, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করার উদ্দেশ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ২০২৫-২৬ অর্থবছরে ৫৩টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি চালু করে। তিন বছর মেয়াদি পরিকল্পনার আওতায় সাতটি গুচ্ছে কর্মসম্পাদন মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।