নিজস্ব প্রতিবেদক

পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গাছ কেটে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন। শনিবার রাত পৌনে ১২টার দিকে মহাসড়কের মানিকনগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে আওয়ামী লীগের নেতারা মহাসড়কের পাশের একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখেন। এতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সড়কের ওপর পড়ে থাকা গাছটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।


এ বিষয়ে পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেন। এতে অল্প কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে।