বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধভাবে মাটি সংগ্রহ, পরিবেশদূষণ ও নির্ধারিত শর্ত লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটা ও একটি অটো রাইস মিলের মালিককে মোট ২৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধান লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটার মালিককে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো:- মেসার্স দিয়ানা ব্রিকস, ১০ লাখ টাকা; মেসার্স জনতা ব্রিকস, ১০ লাখ টাকা এবং মেসার্স মোল্লা ব্রিকস, ৫ লাখ টাকা।
এ ছাড়া পরিবেশগত বিধিবিধান লঙ্ঘনের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী হাজী রওশন আলী অটো রাইস মিলের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে অবৈধভাবে মাটি সংগ্রহ, নির্ধারিত শর্ত লঙ্ঘন এবং অনুমোদিত মাত্রার অতিরিক্ত ধোঁয়া নির্গমনের মাধ্যমে পরিবেশ ও বায়ুদূষণের বিষয়গুলো উঠে আসে।




