ক্রীড়া প্রতিবেদক

ইস্পাহানি- আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল


পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে চোখের পানি আটকে রাখতে পারলেন না রবিউল আউয়াল পিয়াস। এই কান্না শুধু একটি ম্যাচ জয়ের আনন্দে ছিল না। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেকোনো ফুটবল টুর্নামেন্টে এই প্রথম জয়ের স্বাদ পেল তাঁর দল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জয়টাও বড়, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিপক্ষে ৪-০ গোলে।


ইস্পাহানি- চতুর্থ আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে চট্টগ্রাম অঞ্চলের ‘বি’ গ্রুপের এই ম্যাচে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রবিউল। নিজে করেছেন জোড়া গোল, করিয়েছেন আরও একটি। ম্যাচসেরার ট্রফি হাতে যখন চট্টগ্রামের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামের (বন্দর স্টেডিয়াম) সুসজ্জিত মঞ্চে উঠলেন, তখন আবেগের কাছে হার মানলেন এই তরুণ। টুর্নামেন্টের ইতিহাসে আগে কখনো কোনো ফুটবলারকে পুরস্কার মঞ্চে এভাবে কাঁদতে দেখা যায়নি।


দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এই জয় যেন রবিউল ও তাঁর সতীর্থদের চোখে এঁকে দিয়েছিল আরও বড় এক স্বপ্নের ছবি। মঞ্চে দাঁড়িয়ে ভেজা চোখেই রবিউল শুনিয়েছিলেন সেই স্বপ্নের কথা, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম পাওয়া এই জয় আমাদের কাছে বিশেষ কিছু। তবে আমাদের স্বপ্নটা আরও বড়। আমরা গ্রুপ–সেরা হয়ে ঢাকার চূড়ান্ত পর্বে খেলতে চাই।’


কিন্তু সব গল্পের শেষটা তো আর আনন্দের হয় না! নোয়াখালীর ছেলেদের রঙিন স্বপ্নও থমকে গেছে আঞ্চলিক ফাইনালে এসে। ফাইনালে তাদের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে শেষ হাসি হাসল চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ৩-০ গোলের দাপুটে জয়ে চারবারের চেষ্টায় অবশেষে ঢাকার চূড়ান্ত পর্ব অর্থাৎ, শেষ আটের টিকিট কাটল পোর্ট সিটি। ফরোয়ার্ড রিফাত কিবরিয়ার গোলে শুরু হওয়া উৎসব পূর্ণতা পায় স্ট্রাইকার তানভীর হাসানের জোড়া গোলে। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তানভীরের হাতেই।


চট্টগ্রাম অঞ্চল থেকে ঢাকার টিকিট কেটেছে আরও একটি দল। ‘এ’ গ্রুপের লড়াইয়ে শেষ হাসি হেসেছে গতবারের সেমিফাইনালিস্ট চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি। বড় ম্যাচের স্নায়ুচাপ সামলে আঞ্চলিক ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশকে। আগের দিন ৮-০ গোলের বিশাল জয়ে উড়তে থাকা সাউদার্ন এদিন আঞ্চলিক ফাইনালে নিজেদের ছায়া হয়েই ছিল। হেফাজ উদ্দিন ও মুর্শেদুল আলম সামিরের গোলে যখন ইনডিপেনডেন্ট সহজ জয়ের সুবাস পাচ্ছিল, ঠিক তখনই সাউদার্নের জুনায়েদ হোসেন ব্যবধান কমিয়ে ম্যাচে প্রাণ ফেরান। কিন্তু শেষ রক্ষা হয়নি। সমতাসূচক গোলটি আর না মেলায় হৃদয়ভাঙা হার নিয়েই বিদায় নিতে হয় সাউদার্নকে।


ফাইনালে ইনডিপেনডেন্টের জয়ের নায়ক ইংরেজি বিভাগের ছাত্র হেফাজ উদ্দিন। মাঝমাঠের এই কারিগর যেমন খেলা তৈরি করেছেন, তেমনি গোল করে দলকে এগিয়ে দিয়ে জিতে নিয়েছেন টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচসেরার পুরস্কার। অবশ্য ফাইনালে ওঠার পথটা মোটেও মসৃণ ছিল না ইনডিপেনডেন্টের। গতকাল আঞ্চলিক সেমিফাইনালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বিপক্ষে ১-০ গোলের ঘামঝরানো জয় পায় তারা। মহামূল্যবান একমাত্র গোলটি করে ম্যাচসেরা হন ইমরান হোসেন ফোরকান।


দিনভর চারটি রোমাঞ্চকর ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক এস এম তৌফিকুল ইসলাম, ইস্পাহানি টি এস্টেটের মহাব্যবস্থাপক এ কে এম মাইনুল আহসান, এম এম ইস্পাহানি লিমিটেডের আইটি মহাব্যবস্থাপক কামাল উদ্দীন, ইস্পাহানি টি লিমিটেডের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের মহাব্যবস্থাপক মোহাম্মদ শরীফুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির সদস্য ও ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম।


চূড়ান্ত পর্বে ওঠা দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চট্টগ্রাম ইনডিপেনডেন্টের ড. মীর মোহাম্মদ নুরুল আবছার ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী মাঠে নিজ নিজ দলকে উৎসাহ দিয়ে ছিলেন পুরস্কার মঞ্চেও।


১০ দলের অংশগ্রহণে শেষ হলো চট্টগ্রাম অঞ্চলের দুই দিনের ফুটবল উৎসব। টুর্নামেন্টের পরের পর্ব আগামী ২ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে।