আর্সেনালের সামনে ছন্দহীন সিটি
প্রিমিয়ার লিগে দারুণ শুরুর পর আচমকাই যেন খেই হারিয়ে ফেলেছে ম্যানচেস্টার সিটি। সর্বশেষ চার ম্যাচে পয়েন্ট হারিয়েছে তারা। এর মধ্যে টানা তিন হার। এমন ছন্দহীন সিটি আজ মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন আর্সেনালের। গত ম্যাচে গানাররাও ড্র করেছে। জয়ে ফেরার জন্য তারাও মরিয়া। ঘরের মাঠে খেলা বলেই এ ম্যাচে পরিষ্কার ফেভারিট আর্সেনাল। তবে আর্লিং হালান্ড জ্বলে উঠলে এমিরেটস স্টেডিয়াম থেকেও পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরতে পারে সিটি।
এ ম্যাচটি জিততে পারলে শীর্ষে থাকা আর্সেনাল ৯ পয়েন্টে লিড নেবে। ব্রাইটন ও সিটি সমান ২২ পয়েন্ট করে সংগ্রহ করেছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাইটন। এর মধ্যে তৃতীয় স্থানে থাকা সিটি প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার পয়েন্ট কর্তনসহ বড় শাস্তির ঝুঁকিতে আছে। তবে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা সিটির এই অবস্থার সুযোগ নিয়ে নয়, বরং মাঠে দাপট দেখিয়ে শিরোপা ধরে রাখতে চান।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে গোলরক্ষক ডেভিড রায়াকে নিয়ে শঙ্কায় আছে আর্সেনাল। গত সপ্তাহে নিউক্যাসলের বিপক্ষে কাঁধে চোট পেয়েছিলেন স্প্যানিশ এ গোলরক্ষক। যে কারণে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ড্র হওয়া ম্যাচে খেলেননি তিনি। গতকাল শনিবার রায়া অনুশীলন করেছেন। তবে কোচ তাঁর খেলার ব্যাপারে নিশ্চয়তা দেননি। চোট সমস্যা সিটিতেও রয়েছে। তাদের তারকা উইঙ্গার এন্টিনিও সেমেনিও হাঁটুর চোটের জন্য মাসখানেক ধরে মাঠের বাইরে। সিটি বস এনজো মারেস্কা জানিয়েছেন, তারা এখন পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছেন। এ জন্য তাদের সময় প্রয়োজন।






