লোকসানের জালে বন্দি উইন্ডিজের ক্রিকেট
পকেটে যখন টান পড়ে, সিন্দুক যখন প্রায় শূন্য আর মাথার ওপর চেপে বসে শর্তসাপেক্ষ ঋণের বোঝা– তখন আর যাই হোক, ক্যালিপসোর ছন্দ উঠে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে; শোনা যায় শুধু টিকে থাকার আর্তনাদ। একসময় যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের গতি ও ঔদ্ধত্যে কেঁপে উঠত বিশ্বক্রিকেট, আজ সেখানে অর্থের করাত চলছে শিকড়েই। একের পর এক লোকসানের ভার, ফুরিয়ে আসা নগদ তহবিল আর আইসিসির বেইলআউট ঋণের কঠিন শর্ত–সব মিলিয়ে ক্যারিবীয় ক্রিকেট এখন এক ঐতিহ্যবাহী সাম্রাজ্যের ধীরলয়ে ভেঙে পড়ার করুণ উপাখ্যান।
২০২৫ সালে ২ কোটি ৮৪ লাখ ডলার লোকসানের ধাক্কায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের নগদ রিজার্ভ ১ কোটি ৭০ লাখ ডলার থেকে নেমে এসেছে মাত্র ১৬ লাখ ডলারে। ২০২৬ সালেও ২ কোটি ৬০ লাখ ডলার ক্ষতির পূর্বাভাস। আইসিসির ১ কোটি ৬০ লাখ ডলারের ঋণ সাময়িক তারল্য দিলেও তার শর্তাবলি যেন গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। ভারতের দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে সাবেক অধিনায়ক জিমি অ্যাডামসের অসহায়ত্ব তুলে ধরা হয় এভাবে, ‘নতুন প্রজন্মের জন্য আমার শুধু কষ্টই হয়, কারণ এতে ওদের কোনো দোষ নেই।’
আর্থিক এই সংকটে কাটছাঁট করা হয়েছে ঘরোয়া টুর্নামেন্টে। এ বছর প্রথম শ্রেণির আসর ২৮ ম্যাচ থেকে নেমে এসেছে ১১টিতে, টুর্নামেন্ট ৭২ দিনের বদলে ৩৯ দিনে, দল ৮ থেকে ৬-এ। বিমান ভাড়া বাঁচাতে রাউন্ড রবিন বাতিল করে অ্যান্টিগা ও জ্যামাইকার মতো দুটি কেন্দ্রে জোড়ায় জোড়ায় ম্যাচ খেলানো হচ্ছে। বন্ধ হয়েছে পুরুষদের ৫০ ওভার ও নারীদের টি২০ টুর্নামেন্ট, ধাক্কা খেয়েছে জুনিয়র ও স্কুল ক্রিকেটও। কেন্দ্রীয় চুক্তিতে ২৫ শতাংশ বেতন ছাঁটাইয়ে ফ্র্যাঞ্চাইজি লিগের হাতছানি আরও প্রবল হয়েছে, ঘরোয়া চুক্তি ১২ মাস থেকে নেমে এসেছে সাত মাসে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও ক্রিস ডেরিং তুলে ধরেছেন খরচের নির্মম বাস্তবতা। গত এক দশকে শুধু অভ্যন্তরীণ বিমানেই ৮ কোটি ২৫ লাখ ডলার এবং হোটেলে ১২ কোটি ডলারের বেশি পুড়েছে। ইংল্যান্ডে যেখানে বাস বা ট্রেনে দল ও সরঞ্জাম যাতায়াত করে আর সম্প্রচারের ভার নেয় ‘স্কাই’, সেখানে ক্যারিবিয়ানে চার্টার্ড ফ্লাইটে প্রতিবার তিন থেকে চার লাখ ডলার খরচ হয়। ভারত ছাড়া অন্য দল এলে টেস্ট সিরিজ আয়োজন মানেই লোকসান– টিভি প্রোডাকশনে ৩৫ থেকে ৫০ লাখ ডলার খরচ করে স্বত্ব থেকে মেলে মাত্র কয়েক লাখ।






