নিঃশব্দে সরে দাঁড়ালেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক


দেশের ক্রিকেটের সোনালি প্রজন্মের প্রতিনিধি মুশফিকুর রহিম। তাঁর হাতেই তো উড়ছে পঞ্চপাণ্ডবের ‘ঝান্ডা’। সেই পতাকাও তুলে রাখার সময় এসে গেছে। শেষের ডাক শুনতে পেয়েছেন মুশফিক। টি২০, ওয়ানডের পর টেস্ট ক্রিকেটেও বিদায় বলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আগামী ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন বিদায়ী টেস্ট ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে ২১ বছরের পথচলা শেষ হবে সেদিন। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। তিনি শেষ টেস্ট খেলবেন দেশের মানুষের সামনে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। গতকাল শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের ঘোষণাটি দেন। তিনি জানান, জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দেওয়া হবে টেস্টের সাত হাজার রানের মালিককে।


শুরুর মতো শেষটাও লর্ডসে হবে মুশফিকের– এ রকম ধারণা করা হচ্ছিল। সে পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ২০২৭ সালের মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো তাঁকে। ৩৯ বছর বয়সী ব্যাটার সে পর্যন্ত অপেক্ষা করছেন না। এ ছাড়া দেশের মানুষের সামনে বিদায় নেওয়ার সুযোগ বঞ্চিত করতে চান না তিনি। তাই তো বন্ধু তামিমকে জানান নিজের ইচ্ছার কথা। তামিমের মুখেই শোনা যাক বাকিটা, ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নেবে। কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এরপর নিয়মিত তার সঙ্গে যোগাযোগ হয়েছে।’


বিসিবি সভাপতি তামিমের সঙ্গে মুশফিকের সম্পর্কের গভীরতা অনেক। বয়সভিত্তিক দল থেকে তারা বন্ধু হলেও জাতীয় দলে অভিষেক মুশফিকের আগে। অভিষেক রাঙাতে না পারলেও রেকর্ড-বুকে ছাপ রেখে বিদায় নিচ্ছেন উইকেটরক্ষক এই ব্যাটার। দেশসেরা ব্যাটারের খ্যাতি কুড়িয়েছেন। তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন একাগ্রতা দিয়ে। তাঁর মতো একজন ক্রিকেটারের বিদায়ের সিদ্ধান্ত আবেগাপ্লুত করে তামিমকেও, ‘তার মানের একজন ক্রিকেটার খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা ভেবে আমার খারাপ লাগছে। তবে এই টেস্ট ম্যাচটিকে আমরা একটি স্মরণীয় আয়োজন হিসেবে দেখতে চাই।’