জেলা প্রতিনিধি, শরীয়তপুর

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন উপেক্ষা করে শরীয়তপুর থেকে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের জাজিরা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সকালে কিছু সময় বাস চলাচল বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও সড়কে বাস চলাচল শুরু হয়। রোববার সকাল ৮টার পর থেকে নিয়মিতভাবে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে বাস।


বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের জাজিরা টোল প্লাজা ও আশপাশের এলাকায় এমন চিত্র দেখা গেছে। এ সময় সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। তবে পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন নিয়মিত বিরতিতে পদ্মা সেতু পারাপার হতে দেখা যায়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি অর্ধশতাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।


এ ঘটনার কারণে সকাল ৬টা থেকে শরীয়তপুর-ঢাকা রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল ৮টার পর পুনরায় বাস চলাচল শুরু হয়।


শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ তালুকদার বলেন, পদ্মা সেতু এলাকায় ঝামেলার কারণে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত শরীয়তপুর থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সকাল ৮টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। এখন পর্যন্ত ২৫টি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।