নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনায় কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট রেখে সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলামকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (২৯ নভেম্বর) ভোররাতে শহরের সাতপাই এলাকায় তাঁর ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এসব রেখে যায় দুর্বৃত্তরা।
আমিরুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে গিয়ে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও একটি চিরকুট দেখতে পান। চিরকুটে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্বরের সামনে তাঁকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিরকুটে ‘সর্বহারা গ্রুপ’ ও ‘জয় বাংলা’ লেখা রয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেছেন আমিরুল ইসলাম। তবে এ অভিযোগের পক্ষে স্বতন্ত্র কোনো প্রমাণ পাওয়া যায়নি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে বলেন, রাজনৈতিকভাবে ভয় দেখাতে এ ধরনের কর্মকাণ্ড করা হতে পারে। জড়িতদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





