নিজস্ব প্রতিবেদক
ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে আয়োজিত ‘পালস ২০২৬’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করার সময় দুর্ঘটনার কবলে পড়েছেন র্যাপার ও গায়িকা রেবল। গত ২৬ নভেম্বর হাতিসিলায় আয়োজিত এই অনুষ্ঠানে ‘রান ডাউন দ্য সিটি’ গানটি পরিবেশনের সময় হঠাৎ একটি ড্রোন উড়ে এসে সরাসরি তাঁর মুখে আঘাত করে। ঘটনার আকস্মিকতায় গান থামিয়ে দেন শিল্পী এবং কোনো কথা না বলেই মঞ্চ থেকে নেমে যান। এই দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে এখন পর্যন্ত শিল্পীর শারীরিক অবস্থা বা এ বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমার গান দিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন রেবল। তাঁর আসল নাম দায়াফি লামারে। মেঘালয়ের ওয়েস্ট জয়ন্তিয়া হিলসের নাংবাহ এলাকায় বেড়ে ওঠা এই শিল্পী বেঙ্গালুরুর বিশ্বেশ্বরাইয়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। করপোরেট পেশার পরিবর্তে হিপহপ সংগীতকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়া রেবল ২০১৯ সাল থেকে এই মঞ্চনামে পরিচিতি পান।
সংগীত পরিচালক শাশ্বত সচদেবের সঙ্গে ‘ধুরন্ধর’ সিনেমার ‘রান ডাউন দ্য সিটি-মনিকা’, ‘নাল নাচনা’ এবং ‘মুভ-ইয়ে ইশক ইশক’ গানে কণ্ঠ ও র্যাপ দিয়ে তিনি মূলধারার সংগীতে নিজের অবস্থান তৈরি করেছেন। এর আগে তিনি ‘ব্যাড’, ‘রিজনস’, ‘ম্যানিফেস্ট’, ‘টেরর’, ‘সেট ইট অফ’ ও ‘কিল সুইচ’-এর মতো গানগুলোর মাধ্যমে শ্রোতাদের নজর কেড়েছিলেন।






