নিজস্ব প্রতিবেদক
যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুদের মধ্যে মেনিনজাইটিসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। দূষিত পানি, স্বাস্থ্যব্যবস্থার বিপর্যয় এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। অতিরিক্ত জনাকীর্ণ আশ্রয়কেন্দ্র, নাজুক পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং নিরাপদ পানির অভাবের কারণে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে।
গাজার আল-রানতিসি শিশু হাসপাতালে গত ১০ দিন ধরে চিকিৎসাধীন রয়েছে দুই মাস বয়সী মোস্তফা হাল্লাউইন। তার শরীরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জ্বর এবং পেট ফুলে যাওয়ার উপসর্গ দেখা দেওয়ার পর চিকিৎসকেরা মেনিনজাইটিস শনাক্ত করেন। মোস্তফার মা আমাল জানান, শিশুটির শরীরে ফুসকুড়ি ও তীব্র জ্বর দেখা দেওয়ার পর থেকে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা চালালেও প্রয়োজনীয় ওষুধের অভাবে তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে না।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত গাজায় মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার ৪১৩টি সন্দেহভাজন ঘটনা শনাক্ত হয়েছে, যার মধ্যে ২৯৪টি ভাইরাসজনিত এবং ১১৯টি ব্যাকটেরিয়াজনিত। এর ৬৮ শতাংশই গাজা সিটিতে রেকর্ড করা হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার গাজাজুড়ে মেনিনজাইটিসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় ‘মহামারি সতর্কতা’ জারি করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ১ হাজার ৭৯০ জনের মেনিনজাইটিস শনাক্ত হয়েছে এবং ১৫ জন মারা গেছেন। শুধু অক্টোবরেই অন্তত ২৭২ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, গাজার পানির নমুনায় জীবাণুর উপস্থিতি আগস্টে প্রায় ২০ শতাংশে দাঁড়িয়েছে। গাজা সিটির আল-রানতিসি হাসপাতালে চিকিৎসাধীন নয় মাস বয়সী মোহাম্মদ ও পাঁচ বছর বয়সী মোহাম্মদের মতো অনেক শিশুই বর্তমানে এই রোগে আক্রান্ত। তাদের স্বজনরা জানান, বাস্তুচ্যুত অবস্থায় নিরাপদ পানির অভাব ও দূষিত পানির ব্যবহারের কারণেই এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগের উপমহাপরিচালক ডা. নিদাল ঘুনাইম জানান, এন্টারোভাইরাসের সংক্রমণ এবং অবনতিশীল পরিবেশগত পরিস্থিতির কারণে মেনিনজাইটিসের প্রকোপ বেড়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে পয়োবর্জ্য পানীয় জলের সঙ্গে মিশে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। হাসপাতালগুলোতে পরীক্ষাগারের উপকরণ ও ওষুধের তীব্র ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি গাজার পানি সরবরাহ অবকাঠামো পুনর্গঠন ও সংস্কারে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।





