নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় আইনি প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে। মুম্বাইয়ের একটি বিশেষ আদালত নিশ্চিত করেছেন যে, এই মামলার অন্যতম অভিযুক্ত ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক ছিল। মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্টের (মকোকা) অধীন বিশেষ আদালত গত বুধবার (২৫ নভেম্বর) অভিযুক্তের বিরুদ্ধে মামলার কার্যক্রম জুভেনাইল জাস্টিস বোর্ডের (জেজেবি) কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আদালতের নথিপত্র অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি নিজের বয়স যাচাইয়ের আবেদন করলে তার আইনজীবীরা হরিয়ানা থেকে ইস্যু করা জন্মসনদ ও আধার কার্ড জমা দেন। নথিতে তার জন্মতারিখ ২০০৮ সালের ৩০ নভেম্বর উল্লেখ থাকায় প্রমাণিত হয় যে, গত ১৮ অক্টোবর গুলির ঘটনার দিন তার বয়স ছিল ১৭ বছর ১০ মাস। মুম্বাই পুলিশের তদন্তেও এই তথ্যের সত্যতা নিশ্চিত হয়েছে।
এদিকে, হামলার অর্থের উৎস সন্ধানে তদন্ত জোরদার করেছে মুম্বাই পুলিশ। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে অনিল পণ্ডিতের ভাই অভিষেক শর্মার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পুলিশের ধারণা, হামলায় ব্যবহৃত অর্থের জোগান এবং ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট পরিচালনার সঙ্গে অভিষেকের যোগসূত্র থাকতে পারে। এছাড়া আর্থিক লেনদেনের সূত্র ধরে অভিষেকের স্ত্রী সুনেহার নামও তদন্তে উঠে এসেছে। গত সপ্তাহে সুনেহা তদন্তকারীদের কাছে বক্তব্য দিয়েছেন, যা সিল করা খামে আদালতে জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়, যাতে অভিনেতার গাড়িচালক ও এক পথচারী আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পর বলিউডে তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) চলচ্চিত্র তারকাদের নিরাপত্তা ও শুটিং স্পটে সুরক্ষা জোরদারের দাবি জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবিশকে চিঠি দিয়েছে।






