নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নে অবস্থিত বিএনপির অস্থায়ী পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তেল ছিটিয়ে এই অগ্নিকাণ্ড ঘটায়। এতে পার্টি অফিসের চেয়ার-টেবিলসহ শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি পুড়ে ছাই হয়ে গেছে।


ঘটনার বিষয়ে ধানকোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম জানান, রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা তেল ছিটিয়ে পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয়। বাজারের পাহারাদারদের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে দুর্বৃত্তদের ফেলে যাওয়া তেলের একটি বোতল পাওয়া যায়, যা পুলিশ উদ্ধার করেছে।


সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।