নিজস্ব প্রতিবেদক

একসময় টেলিভিশনের পর্দায় দেখা মেলা ‘সিআইডি’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ‘ইন্সপেক্টর বিবেক’ খ্যাত অভিনেতা বিবেক মাশরু মাত্র ২৯ বছর বয়সে অভিনয়জগৎ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৯৮ সালে শুরু হওয়া দীর্ঘস্থায়ী এই ধারাবাহিকে এসিপি প্রদ্যুমন, অভিজিৎ ও দয়ার পাশাপাশি ইন্সপেক্টর বিবেক চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তবে ২০১২ সালে তিনি অভিনয় থেকে পুরোপুরি সরে দাঁড়ান।


অভিনয় ছাড়ার পর বিবেক মাশরুর জীবন নতুন মোড় নেয়। তিনি শহুরে জীবনের পরিচিত গণ্ডি থেকে বেরিয়ে হিমালয় ভ্রমণে দীর্ঘ সময় কাটান। এর পর তিনি উচ্চশিক্ষার দিকে মনোনিবেশ করেন এবং ভারতের বেঙ্গালুরুর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপক হিসেবে যোগ দেন।


শিক্ষা খাতে কাজের অভিজ্ঞতা অর্জনের পর বিবেক পেশাগত জীবনে আরও একটি পরিবর্তন আনেন। অধ্যাপনা ছেড়ে তিনি করপোরেট-জগতে প্রবেশ করেন। বর্তমানে তিনি একজন করপোরেট কৌশলবিদ হিসেবে কর্মরত রয়েছেন, যেখানে প্রতিষ্ঠানের উন্নয়নসংক্রান্ত কাজ, কৌশল নির্ধারণ ও ব্যবসায়িক পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন।


২০২৩ সালের জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবেক মাশরুর একটি পুরোনো ছবি ছড়িয়ে পড়লে তিনি নতুন করে আলোচনায় আসেন। নেটিজেনরা 'সিআইডি'র ইন্সপেক্টর বিবেককে স্মরণ করার পাশাপাশি তাঁর অভিনয় ছেড়ে করপোরেট পেশায় আসার খবর জেনে বিস্ময় প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকেরা চরিত্রটিকে কেন্দ্র করে তাঁদের শৈশবের নানা স্মৃতি ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন।