নিজস্ব প্রতিবেদক

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফল সোমবার প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে মোট ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল উন্নীত হয়েছে। অর্থাৎ, আগের তুলনায় তাদের ফলাফল ভালো হয়েছে।


এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার মূল ফলাফল প্রকাশিত হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ওই পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হয়েছিলেন। তখন গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।


আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে।


আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান জানান, কতজন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন কিংবা কতজন ফেল থেকে পাস করেছেন, সেই বিস্তারিত তথ্য কিছুক্ষণের মধ্যেই জানানো হবে।