নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে বাল্যবিবাহ কমানোর ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সূচকে সামান্য উন্নতি হলেও এর হার কমার গতি এখনো ধীর। বিশেষ করে ১৫-১৯ বছর বয়সি কিশোরীদের ক্ষেত্রে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সি নারীদের মধ্যে ৪৭.২ শতাংশের ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই প্রথম বিয়ে হয়েছে। এছাড়া প্রতি ১০০ জন ১৫-১৯ বছর বয়সি মেয়ের মধ্যে প্রায় ৩৯ জন বর্তমানে বিবাহিত।
২০১৯ সালে এই হার ছিল ৫১.৪ শতাংশ। তবে বর্তমানে বিবাহিত ১৫ থেকে ১৯ বছর বয়সি কিশোরীর হার ৩২.৯ শতাংশ থেকে বেড়ে ৩৮.৯ শতাংশে দাঁড়িয়েছে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। বিবিএস ও এমআইসিএস ২০২৬-এর তথ্য অনুযায়ী, বাল্যবিবাহের উচ্চহারের জেলাগুলোর মধ্যে জয়পুরহাট (৭৩.৩%), চুয়াডাঙ্গা (৬৭.৯%), ভোলা (৬৫%), সিরাজগঞ্জ (৬৩.১%), কুষ্টিয়া (৬২.৯%), যশোর (৬২.৩%), টাঙ্গাইল (৬১.১%) এবং মাগুরা (৬১.১%) অন্যতম।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে গৃহীত প্রস্তাব অনুযায়ী, ২৭ নভেম্বরকে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়ে নির্মূলকরণ’ দিবস হিসেবে পালন করা হচ্ছে। দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রতিশ্রুতি রক্ষা : ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ বন্ধে পদক্ষেপ জোরদার করা’। ইউনিসেফের মতে, বাল্যবিবাহের কারণে মেয়েদের পড়াশোনা বন্ধ হওয়া, অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি এবং শারীরিক ও ব্যক্তিগত বিকাশ বাধাগ্রস্ত হওয়ার মতো দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ছে।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের ন্যাশনাল কোঅর্ডিনেটর সৈয়দা আহসানা জামান বলেন, বাল্যবিবাহের হার বিশ্লেষণের পাশাপাশি মোট কন্যাশিশুর সংখ্যা নিরূপণ করা জরুরি। তিনি আরও বলেন, বাল্যবিবাহ কেবল একটি ক্ষতিকর প্রথা নয়, এটি শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতা, যা জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে।
গত ২৪ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত আইনি পর্যালোচনা সভায় বাল্যবিবাহ প্রতিরোধে নারী ও পুরুষের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ এবং বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতিলসহ আইন সংস্কারের ছয়টি সুপারিশ করা হয়েছে। সভায় বাংলাদেশে ইউএনএফপিএ-এর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, আইন তখনই সুরক্ষা দিতে পারে যখন তা সহজলভ্য হয় এবং জবাবদিহির আওতায় থাকে।
প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, প্রতিটি কন্যাশিশুর জন্মনিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তা শিশুর অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি করবে। বাল্যবিবাহমুক্ত দেশ গড়তে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি।






