নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী প্রথমবারের মতো রাজশাহীতে তাফসির মাহফিলে বক্তব্য দিতে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে আয়োজিত এই মাহফিলে ১০ লাখের বেশি মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। বিশাল এই জনসমাগম সামাল দিতে ২৫ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে এবং মাহফিলের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।


শনিবার বিকেল ৩টা থেকে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়া মাহফিলে সভাপতিত্ব করবেন চিকিৎসক ও সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর।


মিজানুর রহমান আজহারীর প্রথমবার রাজশাহীতে অংশগ্রহণকে ঘিরে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রাজশাহী ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা। আয়োজকদের পক্ষে এমাজ উদ্দিন মন্ডল জানান, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা ও অংশগ্রহণকারীদের সহযোগিতাসহ সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।


নারীদের অংশগ্রহণের সুবিধার্থে মাদ্রাসা মাঠের পাশে হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহ মাঠে পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারী অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত ওই স্থানে প্রয়োজনীয় সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, লাখো মানুষের অংশগ্রহণে এই তাফসির মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হবে।