নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ও অভিযুক্ত নবিরুল ইসলাম (৫৫) কোতোয়ালীবাগ গ্রামের মরহুম জামতুল্লাহ মন্ডলের ছেলে।
পাঁচবিবি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দেলোয়ার হোসেন জমির আইল কাটতে গেলে নবিরুল ইসলামের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নবিরুল ইসলাম কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা নবিরুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






