নিজস্ব প্রতিবেদক

নড়াইলের লোহাগড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ মোল্যা ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছায়মানার-চর গ্রামের ফরহাদ মোল্যার সঙ্গে তার চাচাতো ভাই দাউদ মোল্যা ও তার লোকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার সকালে ফরহাদ মোল্যা নিজের জমিতে ধান কাটার সময় আগে থেকে ওত পেতে থাকা দাউদ মোল্যা ও তার সহযোগীরা লাঠি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।


তবে দাউদ মোল্যার পক্ষের লোকজন এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ফরহাদ মোল্যা স্ট্রোকজনিত কারণে মারা গেছেন, তাকে কোনো আঘাত করা হয়নি।


এ বিষয়ে লোহাগড়ার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।