নিজস্ব প্রতিবেদক
দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু হয়েছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিশেষ ধরনের বন্ড ছেড়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন। বন্ডটির মাধ্যমে ১৫৮ কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। এই অর্থ নারীদের কৃষি, ব্যবসা, কর্মসংস্থান ও আবাসন খাতে ঋণ দেওয়ার কাজে ব্যবহার করা হবে।
‘সাজেদা অরেঞ্জ জিরো-কুপন বন্ড’ নামের এই বন্ডের তালিকাভুক্তি ও অর্থ সংগ্রহের কার্যক্রম সম্পন্ন হওয়া উপলক্ষে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আনুষ্ঠানিকভাবে ঘণ্টা বাজানো হয়। ডিএসইর মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সাজেদা ফাউন্ডেশন ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এক বিজ্ঞপ্তিতে ডিএসই এ তথ্য জানিয়েছে।
সাজেদা অরেঞ্জ জিরো-কুপন বন্ডের আকার ১৫৮ কোটি ৫০ লাখ টাকা। এক, দুই ও তিন বছর মেয়াদে ১০ শতাংশ ডিসকাউন্টে বন্ডটি ইস্যু করা হয়েছে। এতে ৬৭ জন বিনিয়োগকারী মোট ১৫৮ কোটি টাকার জন্য আবেদন করেছেন। বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড), গ্র্যাচুইটি তহবিল, পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও ব্যক্তি বিনিয়োগকারী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দিষ্ট বিনিয়োগকারীদের কাছে বিক্রির জন্য ইস্যু করা (প্রাইভেট প্লেসমেন্ট) দেশের প্রথম বন্ড এটি, যা ডিএসইর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে বিক্রি করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অরেঞ্জ বন্ড থেকে সংগৃহীত অর্থের পুরোটাই নারীকেন্দ্রিক ঋণ কার্যক্রমে ব্যবহার করবে সাজেদা ফাউন্ডেশন। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ দেওয়া হবে খাদ্যনিরাপত্তা ও কৃষি খাতে, প্রায় ৪৮ শতাংশ। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য ৩২ শতাংশ ও আবাসন খাতে ২০ শতাংশ অর্থ ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক জাহিদা ফিজ্জা কবির, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসেন প্রমুখ।





