নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ক্রেতা সেজে অভিনব কৌশলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়া এক প্রতারককে ধাওয়া করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছাত্রদল নেতা খালেদ মাসুদ (২৬)। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খালেদ মাসুদ ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজের মোটরসাইকেলটি বিক্রির জন্য ক্রেতা খুঁজছিলেন খালেদ মাসুদ। শুক্রবার সন্ধ্যায় ক্রেতা পরিচয়ে এক ব্যক্তি মোটরসাইকেলটি দেখতে আসে এবং সেটি চালিয়ে দেখার আগ্রহ প্রকাশ করে। এ সময় খালেদ তার এক ছোট ভাইকে সঙ্গে দিয়ে গাড়িটি ওই ব্যক্তির কাছে দেন। মোটরসাইকেল নিয়ে কিছুটা এগিয়ে প্রতারক কৌশলে প্যান্টের পকেট থেকে একটি ছোট বাটন ফোন মাটিতে ফেলে দেয় এবং সেটি তুলে দেওয়ার জন্য খালেদের ছোট ভাইকে অনুরোধ করে। তিনি মোটরসাইকেল থেকে নেমে ফোনটি তুলতে গেলে সেই সুযোগে প্রতারক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।


মোটরসাইকেল নিয়ে প্রতারকের পালিয়ে যাওয়ার খবর পেয়ে খালেদ মাসুদ দ্রুত এক বন্ধুর মোটরসাইকেলে করে তাকে ধরতে বের হন। পথে গোলাপগঞ্জ পৌর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে খালেদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।


খালেদ মাসুদের মৃত্যুর বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী নিশ্চিত করেছেন। তবে মোটরসাইকেল নিয়ে প্রতারকের পালিয়ে যাওয়ার ঘটনাটি তার জানা নেই বলে জানিয়েছেন তিনি।