নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনা সরকারি কলেজ শাখার ছাত্রদল সভাপতি আমিরুল ইসলামকে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাঠিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোববার (২৯ নভেম্বর) ভোররাতে নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় আমিরুল ইসলামের বাসার সামনে কাফনের কাপড়সহ হত্যার হুমকি দেওয়া চিরকুট পাওয়া যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোরে ছাত্রদল নেতা আমিরুল ইসলাম বাসা থেকে বের হয়ে ঘরের সামনে টানানো কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল ও একটি চিরকুট দেখতে পান। তাতে লেখা, ‘তোকে দাফন-কাফনের জন্য অগ্রীম কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাঠালাম। আগামী ১৬ ডিসেম্বর তোকে ধরে নিয়ে শহরের মোক্তার পাড়া এলাকায় জুলাই চত্বরের সামনে গুলি করে হত্যা করা হবে। তুই রেডি থাকিস।’
এ বিষয়ে আমিরুল ইসলাম জানান, সম্ভবত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের মনোবল নষ্ট করার হীন উদ্দেশ্যে সর্বহারা গ্রুপের নাম ব্যবহার করে হত্যার হুমকি দিয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি দলীয় নেতৃবৃন্দ ও পুলিশ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সন্ধান পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





