নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই আসতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বিচার চলাকালে শেখ হাসিনা দেশে আসেননি। এখন আসতে চাইলে তাকে বন্দি চুক্তির মাধ্যমেই আসতে হবে।


আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী ও মাফিয়া দল’ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে দলটি প্রমাণ করেছে, তারা শুধরাবে না। শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলা সদরের নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


আন্তর্জাতিক নদীর পানি বণ্টন প্রসঙ্গে কঠোর অবস্থানের কথা জানিয়ে আসাদুল হাবিব বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। উত্তরের মানুষের বহুল প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগিরই তিস্তা পাড়ের মানুষ এ বিষয়ে সুখবর পাবেন।


অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল আমসাআ আমিন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু উপস্থিত ছিলেন।


এ ছাড়া স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। পরে মন্ত্রী বিদ্যালয়টির শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে তিনি কুড়িগ্রাম জেলা পরিষদ শিশু পার্ক উদ্বোধন করেন।