নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় রাতের আকাশে অজ্ঞাত তিনটি ড্রোনের উপস্থিতি দেখা গেছে। ড্রোনগুলো ভূপাতিত করার লক্ষ্যে ১৫ রাউন্ড গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে গুলি ছোড়ার পর ড্রোনগুলো দ্রুত এলাকা ত্যাগ করে। শুক্রবার রাত ১০টার দিকে ২৭ বিজিবির মারিশ্যা জোনের হেলিপ্যাডের ওপর এই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র ও ভিডিও ফুটেজে দেখা যায়, শুক্রবার রাতে হঠাৎ বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা বিজিবি জোনের হেলিপ্যাডের আকাশে উজ্জ্বল আলোযুক্ত তিনটি ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি নজরে আসার পরপরই আশপাশের সব সীমান্ত পর্যবেক্ষণ চৌকি (বিওপি) ক্যাম্পকে সতর্ক করা হয়। পরে ২৭ বিজিবির মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশনায় ড্রোনগুলো লক্ষ্য করে ১৫ রাউন্ড গুলি ছোড়ে বিজিবি। তবে গুলি ছোড়ার পর ড্রোনগুলো গতিপথ পরিবর্তন করে পিছু হটতে শুরু করে এবং একপর্যায়ে দ্রুত এলাকা ত্যাগ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৭ বিজিবির মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব বলেন, ড্রোনগুলো ভূপাতিত করার লক্ষ্যে এলএমজি (লাইট মেশিনগান) থেকে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। গুলি ছোড়ার পরপরই ড্রোনগুলো দ্রুত দূরে সরে যায়। ২৭ বিজিবির মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্তে নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে। এ ঘটনার পর থেকে জোনের আওতাধীন সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।






