নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর রাতের আঁধারে উপজেলার বিভিন্ন এলাকায় বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টার পর উপজেলার অন্তত তিনটি পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। পাঁচটি বাড়ি থেকে নগদ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় এক কোটি টাকার সম্পদ লুট করা হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এ ছাড়া একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক।


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার পর কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা রাতভর ঘটনাস্থলে অবস্থান করেন।


তবে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত থাকার সুযোগে দুর্বৃত্তরা উপজেলার বিভিন্ন এলাকায় হামলা ও লুটপাট চালায় বলে অভিযোগ ভুক্তভোগীদের।


উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের শিকারমঙ্গল বাজার-সংলগ্ন ব্যবসায়ী জামাল রাঢ়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বাড়ি থেকে নগদ টাকা ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার সম্পদ লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।ভেঙে ফেলা হয়েছে নতুন মোটরসাইকেল।


অন্যদিকে, কালকিনি পৌরসভার ঠেঙ্গামারা এলাকায় অন্তত তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর ও বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বাড়িগুলো থেকে নগদ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় ৭০ লাখ টাকার সম্পদ লুট করা হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। এ সময় বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এ ছাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ইলিয়াস বালির ভাঙারির ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক। সব মিলিয়ে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগীরা।


ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক দুই পক্ষের সংঘর্ষের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা না থাকলেও সাধারণ মানুষকে এভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছে। হামলা ও লুটপাটের শিকার পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি নিরাপত্তার অভাবে অনেকেই থানায় অভিযোগ করতেও সাহস পাচ্ছেন না। তাঁদের আশঙ্কা, অভিযোগ করতে গেলে আবারও হামলার শিকার হতে পারেন।


এদিকে রাজনৈতিক সংঘর্ষের জেরে সাধারণ মানুষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রশ্ন, রাজনৈতিক সংঘর্ষের বাইরে থাকা সাধারণ মানুষের জানমাল রক্ষার দায়িত্ব কে নেবে এবং তাঁদের ক্ষয়ক্ষতির দায়ভারই বা কে বহন করবে?


এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ বলেন, “ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”