নিজস্ব প্রতিবেদক

জন্ম থেকেই দুটি পা অচল বায়েজিদ হাসানের। অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করাও তার জন্য কঠিন। তবু শারীরিক প্রতিবন্ধকতা তার শিক্ষাজীবন কিংবা কর্মজীবনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মায়ের সহযোগিতা, নিজের অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তিতে উচ্চশিক্ষা শেষ করে তিনি গড়ে তুলেছেন নিজের কর্মসংস্থান। বর্তমানে কম্পিউটারের দোকান থেকে উপার্জন করে চালাচ্ছেন পাঁচ সদস্যের সংসার।


সাতক্ষীরা শহরের পাকাপোলের নিচে ছোট্ট একটি কম্পিউটারের দোকান পরিচালনা করেন বায়েজিদ হাসান। সেখানে বসেই কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজ করে দেন গ্রাহকদের। তার জন্ম সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর এলাকায়। বাবা খলিলুর রহমান ও মা ফরিদা রহমান। স্ত্রী, দুই ছেলে ও মাকে নিয়ে তার সংসার।


বায়েজিদের এই পথচলার পেছনে সবচেয়ে বড় অবদান মা ফরিদা রহমানের। শৈশবে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতিদিন ছেলেকে কোলে করে স্কুলে নিয়ে যেতেন তিনি। ছেলেকে স্বাবলম্বী করার আশায় একসময় ঢাকায় গিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের হাঁটাচলা শেখানোর পদ্ধতিও দেখে আসেন। পরে বাড়িতে দুটি ছোট লাঠি তৈরি করে ছেলেকে দাঁড়ানো ও হাঁটার অনুশীলন করান। দীর্ঘদিনের চেষ্টা ও মায়ের সহযোগিতায় একসময় লাঠির সাহায্যে চলাফেরা করতে শেখেন বায়েজিদ।


পড়াশোনার ক্ষেত্রেও থেমে থাকেননি তিনি। ১৯৯৭ সালে সাতক্ষীরা শহরের প্রাণনাথ বহুমুখী বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ২০০০ সালে দিবা-নৈশ কলেজ থেকে এইচএসসি এবং ২০০৬ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে বাংলায় স্নাতক (সম্মান) শেষ করেন। পরে ২০০৭ সালে খুলনার সরকারি বিএল কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে শহরের পাওয়ার পয়েন্ট নামের একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করেন বায়েজিদ। পরে ২০০৮ সালে নিজেই ভ্রাম্যমাণ কম্পিউটারের দোকান চালু করেন। ২০০৯ সালে বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব পুরোপুরি তার কাঁধে এসে পড়ে। এরপর ২০১০ সালে বিয়ে করেন। বর্তমানে তার দুই ছেলে। বড় ছেলে ফাহিম হাসান স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ছোট ছেলে ফায়াদ হাসান কামালনগর এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করছে।


বায়েজিদের কাছ থেকে নিয়মিত কম্পিউটারের কাজ করান স্থানীয় বাসিন্দা কামাল হোসেন। তিনি জানান, প্রায়ই অফিসের বিভিন্ন কাজ করাতে বায়েজিদের দোকানে আসেন। বায়েজিদ তার কাজগুলো করে দেন। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও কাজে তিনি বেশ দক্ষ।


স্থানীয় বাসিন্দা পিন্টু মণ্ডল বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা যে সমাজের বোঝা নন, বায়েজিদ তার উদাহরণ। নিজের কাজ নিজে করে তিনি পরিবারের দায়িত্ব পালন করছেন। তার মতো উদ্যোগী হলে প্রতিবন্ধী ব্যক্তিরাও স্বাবলম্বী হতে পারেন।


জুয়েল হোসেন নামের আরেক বাসিন্দা বলেন, কম্পিউটারে বায়েজিদ যেভাবে দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ করেন, অনেক সুস্থ-স্বাভাবিক মানুষও তা পারেন না। প্রযুক্তির দক্ষতা কাজে লাগিয়ে তিনি নিজের উপার্জনে পরিবার চালাচ্ছেন। এটি অন্যদের জন্যও অনুকরণীয়।


শহরের কাটিয়া এলাকার বাসিন্দা চন্দন চৌধুরী মনে করেন, বায়েজিদের মতো প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা কাজে লাগানোর সুযোগ তৈরি করা প্রয়োজন। সরকারি উদ্যোগে তাদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে তারা সমাজ ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।


বায়েজিদ হাসান বলেন, জন্ম থেকেই তার দুটি পা অচল। জন্মের পর তার পা দেখে প্রতিবেশীরা বিস্মিত হয়েছিলেন, অনেকে দুঃখপ্রকাশ করেছিলেন। তবে মা-বাবা কখনো তাকে অবহেলা করেননি। বরং পড়াশोनার সুযোগ করে দিয়েছেন। অষ্টম শ্রেণি পর্যন্ত মায়ের কোলে চড়ে স্কুলে যেতে হয়েছে তাকে। পরে নিজের চেষ্টায় পড়াশোনা শেষ করেছেন।


তিনি আরও বলেন, শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামিয়ে রাখতে পারেনি। বন্ধু ও প্রতিবেশীরাও সব সময় সহযোগিতা করেছেন। কোনো অনুষ্ঠানে গেলে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে অনেকে বসার জন্য চেয়ার এগিয়ে দেন। তাদের এই সহযোগিতা তাকে সাহস জোগায়।