নিজস্ব প্রতিবেদক

কাতার থেকে দেশে ফেরার পর গোপনে নিজ বাড়িতে অবস্থান করছিলেন কালীগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল রহমান আশরাফী ওরফে খোকন। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর শনিবার (২৮ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।


পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান আশরাফী খোকন। পরে তিনি কাতারে অবস্থান করেন। সম্প্রতি দেশে ফিরে কালীগঞ্জের নিজ বাড়িতে গোপনে বসবাস শুরু করেন। পুলিশের চলাচল নজরদারিতে রাখতে বাড়ি থেকে প্রধান সড়ক পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল বলেও জানা গেছে। শনিবার দুপুরে তার অবস্থান শনাক্ত করে বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে তাকে হেফাজতে নেওয়া হয়।


কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ করিম খান বিষয়টি নিশ্চিত করে জানান, আশরাফী খোকনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।


আগামীকাল রোববার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।