খামারিদের কৃষক কার্ড ও সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা সরকারের
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
প্রাণিসম্পদ খাতের ভ্যাকসিনের ৮৫ শতাংশ আমদানি করতে হয়। এই নির্ভরতা কমিয়ে দেশেই ভ্যাকসিন উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ ছাড়া খামারিদের কৃষক কার্ডের আওতায় আনা এবং কৃষি খাতের মতো সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বর্তমানে দেশে ব্যবহৃত ভ্যাকসিনের মাত্র ১৫ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত হয়। বাকি ৮৫ শতাংশ আমদানি করতে হয়। এ নির্ভরতা কমিয়ে ভ্যাকসিন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কর্মসূচি নেওয়া হয়েছে।
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং এ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাণিসম্পদ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং প্রদর্শনীর প্রতিটি স্টল পরিদর্শন খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করেছে।
তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের কর্মসংস্থান ও আয় বাড়ানোর পাশাপাশি খামারিদের স্বাবলম্বী করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে।
কোরবানির পশুর চাহিদা দেশীয় উৎপাদনের মাধ্যমে পূরণের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত গবাদিপশু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অবৈধ পথে পশু আমদানি বন্ধে পদক্ষেপ নেওয়া হয়। এর ফলে দেশীয় পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ সম্ভব হয়েছে। এতে দেশীয় খামারিরা উৎসাহিত হয়েছেন এবং তাঁদের উৎপাদিত পশুর ন্যায্য বাজার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের উৎপাদিত মাংসের গুণগত মান ও স্বাদ আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা পাওয়ার সক্ষমতা রাখে। যথাযথ মান নিয়ন্ত্রণ, উৎপাদন ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে এ খাত থেকে রপ্তানি আয় বাড়ানো সম্ভব।
প্রাণিসম্পদ খাতের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবদুল লতিফ।
এ ছাড়া বক্তব্য দেন মিল্ক ভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক মো. বয়জার রহমান, আহকাবের কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক খান ও ফিঅ্যাবের মহাসচিব মো. আনোয়ারুল হক। অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তা, খামারি এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মূল্যায়ন কমিটির ফলাফলের ভিত্তিতে ১২টি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দেশীয় জাত, ছাগল-ভেড়া, সংকর জাতের গাভি ও ষাঁড়, পোলট্রি, প্রাণিজ পণ্য রপ্তানি, পোষা পাখি ও প্রাণী, প্রাণিজ আমিষ, প্রাণিস্বাস্থ্য সেবা এবং প্রাণিসম্পদ প্রযুক্তি উন্নয়নসহ বিভিন্ন প্রদর্শনী ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।






