নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। প্রতিটি ভোটকেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসার, একজন পোলিং অফিসার ও একজন সহকারী পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।
নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন। এছাড়া সীমান্তবর্তী ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারে এক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সারা দেশে ১৬৭টি মূল ও ৬৪টি ফাঁড়ি চা-বাগানে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি বাগানের পঞ্চায়েতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের প্যানেল নির্বাচিত হবে। একই সঙ্গে কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এবং দেশের সাতটি ভ্যালির নেতৃত্ব নির্বাচনেও ভোট নেওয়া হচ্ছে। হবিগঞ্জ জেলায় মোট ৪১টি চা-বাগান রয়েছে, যেখানে বাগান পরিচালিত বিদ্যালয় ও সরকারি বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। চা-শ্রমিক ইউনিয়নের সাতটি ভ্যালি হলো লস্করপুর, বালিশিরা, মনু-ধলাই, লংলা, জুড়ী, সিলেট ও চট্টগ্রাম।
গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। বিভিন্ন জটিলতায় ২০২১ ও ২০২৪ সালের নির্ধারিত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এর আগে ২০২২ সালে শ্রমিকরা মজুরি বৃদ্ধির আন্দোলনে দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকায় উন্নীত করেন।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গালিব চৌধুরী জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।




