রাহাদ সুমন
বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ওপর হামলার বিচার, ছাত্রত্ব পুনর্বহাল, হামলাকারীদের শাস্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে অন্তুর নিরাপত্তা ও ছাত্রত্ব পুনর্বহাল নিশ্চিত করা, হামলাকারীদের শাস্তি এবং কর্তৃপক্ষের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক আলবার্ট রিপন বল্লভ বলেন, এই নার্সিং কলেজের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় শিক্ষার্থী অন্তুকে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে। অন্তুর প্রতিবাদের মুখে কলেজের পরিচালক ও কৃষক লীগ নেতা জহিরুল ইসলাম শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া লাখ লাখ টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন। যার কারণে কলেজ প্রশাসন প্রতিশোধ নিতে অন্তুর ছাত্রত্ব বাতিল করেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে এবং তার বাবার বিরুদ্ধেও চুরির মামলা দেওয়া হয়েছে।
আমাদের প্রশ্ন, বরিশালের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষার্থীরা বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করেন। সেখানে তো আন্দোলন করার কারণে শিক্ষার্থীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয় না। তাহলে এই কলেজে প্রতিবাদ করলেই কেন একজন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল হবে, কেন তার পরিবারকেও হয়রানির শিকার হতে হবে?
আমরা এই নাগরিক সমাবেশ থেকে জোর দাবি জানাই, অবিলম্বে অন্তুর ছাত্রত্ব পুনর্বহাল করতে হবে, তার ও তার বাবার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে এবং কলেজের পরিচালক কৃষকলীগ নেতা জহিরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বরিশালের লেখক ও অ্যাক্টিভিস্ট কাজল দাশ বলেন, অন্তু বিশ্বাস একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অবৈধভাবে অর্থ আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তাঁর প্রতিবাদের মুখে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ২৭ লাখ টাকা ফেরত দিতে বাধ্য হয়।
এর জেরধরে প্রতিষ্ঠানের পরিচালক অন্তুর ছাত্রত্ব বাতিল করেছেন, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত। শুধু মাত্র ছাত্রত্ব বাতিল করে কলেজ কতৃপক্ষ থেমে থাকেনি তার বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যক্টে মামলা দিয়েছেন।আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং অন্তু বিশ্বাসের ছাত্রত্ব অবিলম্বে পুনর্বহালের পাশাপাশি তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।
নাগরিক সমাবেশে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির সদস্য অধ্যাপক আমিনুল রহমান খোকনের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর আহ্বায়ক সুজন আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) বরিশাল জেলা সভাপতি এডভোকেট একে আজাদ, শহিদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা, এডভোকেট হিরন কুমার দাশ মিঠু, সভাপতি, গণফোরাম বরিশাল জেলা, খালিদ বিনয়ী আহবায়ক, ভাসানী পরিষদ বরিশাল, আলবার্ট রিপন বল্লভ, আহ্বায়ক,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট বরিশাল মহানগর, অ্যাডভোকেট রেজাউল ইসলাম খোকন, সদস্য, গণতান্ত্রিক অধিকার কমিটি বরিশাল জেলা, লেখক কাজল দাস, সুজয় সরকার,সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদ, রাকিবুল হাসান, সদস্য,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর, অনিন্দ মন্ডল, সংগঠক,বিপ্লবী ছাত্র মৈত্রী বরিশাল জেলা, শিক্ষক নেতা মহসিনুল ইসলাম হাবুল, অ্যাডভোকোট খালিদ বিন ওয়ালীদ, সাবেক ছাত্র নেতা কিশোর কুমার বালা প্রমুখ।
এর আগে, আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাস।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে মোট ২৭ লাখ টাকা আদায় করা হয়। এ ঘটনার প্রতিবাদ ও আন্দোলনে যুক্ত থাকার জেরে গত ২ নভেম্বর তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলে অভিযোগ করেন অন্তু।
পরবর্তী সময়ে গত ১৯ নভেম্বর নগরীর সিঅ্যান্ডবি রোডে প্রতিষ্ঠানের সামনে তাঁকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় মামলা করেন অন্তু। মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক জহিরুল ইসলামসহ ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
অপরদিকে, গত ২৫ নভেম্বর অন্তুর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে আরেকটি মামলা দায়ের করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ২৭ নভেম্বর দেশের ১০৯ জন বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন এবং অন্তুর বিরুদ্ধে দায়ের করা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।




