নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে টানা ১২ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। গত ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রশাসনের সঙ্গে একাধিকবার আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
টানা অবস্থানের ফলে শনিবার সকালে ‘মঞ্চ ২৪’-এর সাংগঠনিক সম্পাদক আল ইমরান জিহাদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগেও তিনি অসুস্থ হয়ে চিকিৎসা নিয়ে পুনরায় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন।
অবস্থানরত চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, আমাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, তবুও আমরা অবস্থানস্থল ত্যাগ করিনি। ১২ দিন ধরে প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। যতদিন না প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, ততদিন এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, আমরা গত ১২ দিন ধরে এখানে অবস্থান করছি। আমার সহযোদ্ধাদের পাশাপাশি আমিও অসুস্থ হয়ে পড়েছি। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, আমরা আমাদের দাবি থেকে সরে আসব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না, প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছি।





