নিজস্ব প্রতিবেদক

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি শাহিন শাহ আফ্রিদি। গত সপ্তাহে ঘোষিত এই চুক্তিতে বাঁহাতি এই পেসারকে কেবল সাদা বলের ক্রিকেটে অর্থাৎ ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাটে রাখা হয়েছে। তবে টেস্ট ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর লাল বলের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নিজের যোগ্যতার জানান দিচ্ছেন তিনি।


কায়েদে আজম ট্রফিতে নিজের দল ফাটারের হয়ে দুর্দান্ত বোলিং করছেন আফ্রিদি। টুর্নামেন্টে নিজের সর্বশেষ চার ম্যাচে তিনি মোট ২৭ উইকেট শিকার করেছেন। এর মধ্যে গত বৃহস্পতিবার পঞ্চম রাউন্ডের প্রথম দিনে ফয়সালাবাদ রিজিয়নের বিপক্ষে ৪৩ রানে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে আরও একটি উইকেট নেন তিনি। তার এই নৈপুণ্যে ফাটা ম্যাচটি ৭ উইকেটে জয়ী হয়েছে এবং ৫ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে।


আফ্রিদির এই ধারাবাহিকতা কেবল এক ম্যাচের নয়। এর আগের ম্যাচে ইসলামাবাদের বিপক্ষে ৯ উইকেট, পিআর ব্লুজের বিপক্ষে ৬ উইকেট এবং লাহোর হোয়াইটসের বিপক্ষে ৪ উইকেট নিয়েছেন তিনি। বল হাতে দুর্দান্ত ছন্দে থাকার পাশাপাশি ব্যাট হাতেও পাঁচ ইনিংসে ১৩৪ রান করেছেন এই ২৬ বছর বয়সী পেসার, যেখানে তার সর্বোচ্চ সংগ্রহ ৪২ রান। মাসখানেক আগে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজেও ১০ উইকেট নিয়ে পাকিস্তানের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।


উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদির সর্বশেষ ম্যাচ ছিল এ বছরের মে মাসে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ঘরের মাঠে অনুষ্ঠিত দুই টেস্টের সিরিজে। এখন পর্যন্ত ৩৪ টেস্টের ৫৮ ইনিংসে ২৮.১৩ গড়ে ১২৬ উইকেট নিয়েছেন তিনি, যার মধ্যে চারবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে। টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পেলেও লাল বলের ক্রিকেটে তার এই পারফরম্যান্স নির্বাচকদের নতুন করে ভাবাতে পারে, কারণ তিনি টেস্ট ক্রিকেটের দরজা বন্ধ হতে দিতে রাজি নন।