নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ছয় বোতল বিদেশি মদ (হুইস্কি) উদ্ধার করা হয়।


শুক্রবার (২৭ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।


পুলিশ জানায়, গত ২৬ ও ২৭ নভেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।


তদন্তে প্রাপ্ত আসামি গ্রেফতার: শুক্রবার ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার পলাতক আসামি মো. মনির হোসেন ভূঁইয়াকে (৪৫) গ্রেফতার করেন। তিনি উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকার বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য।


এর আগে ২৬ নভেম্বর দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে এসআই মো. আল আমিন সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (অনন্তপুর) এলাকায় হরিমঙ্গল থেকে ব্রাহ্মণপাড়াগামী পাকা রাস্তায় অভিযান চালান। এ সময় মো. রাসেলকে (২১) ছয় বোতল ‘ম্যাকডোয়েলস নম্বর-১ লাক্সারি ব্লেন্ডেড হুইস্কি’সহ গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি উপজেলার সাহেবাবাদ ইউনিয়নে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা (নম্বর-৩২) করা হয়েছে।


একই দিন বিকেল ৫টা ৫ মিনিটের দিকে এসআই মোহাম্মদ তারেক আজিজ শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘীরপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের পূর্ব পাশে আইফল রমিজ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে মো. আরিফুল ইসলামকে (৩৪) গ্রেফতার করেন। তাঁর হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আরিফুল পাশের বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বাসিন্দা। তাঁর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


এ ছাড়া শুক্রবার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর আল আহসান ব্রাহ্মণপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. আনোয়ার হোসেনকে গ্রেফতার করেন। তাঁর বাড়ি ব্রাহ্মণপাড়া এলাকায়।