নিজস্ব প্রতিবেদক
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডাইয়ারপাড় এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন (৪৪)। চার বছর আগেও কৃষি কাজ করে স্ত্রী ও চার সন্তান নিয়ে স্বচ্ছলভাবে সংসার চালাতেন তিনি। তবে কোমরের ব্যথা থেকে ডান পা প্যারালাইজড হয়ে যাওয়ায় তার জীবন থমকে যায়। চিকিৎসার পেছনে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় করেও সুস্থ হতে পারেননি তিনি। বর্তমানে প্রতি মাসে সাড়ে তিন হাজার টাকার ওষুধ কেনার সামর্থ্য না থাকায় বাধ্য হয়ে গত ছয় মাস ধরে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন জাকির হোসেন।
জাকিরের মেজ মেয়ে সুমাইয়া স্থানীয় সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভাবের সংসারে বাবার অসহায়ত্ব দেখে সুমাইয়া ছুটির দিনগুলোতে বাবার সঙ্গী হয়। কাঁধে বইয়ের ব্যাগ থাকার বয়সে তাকে এখন বাবার ভিক্ষার ঝুলি বহন করতে হচ্ছে। জাকির হোসেন জানান, পঙ্গুত্বের কারণে তিনি সরকারি ভাতা পেলেও তা দিয়ে সংসার ও চিকিৎসার খরচ মেটানো সম্ভব হচ্ছে না। তিন শতাংশ বসতভিটা ছাড়া তার আর কোনো সম্পদ নেই। তিনি একটি মুদি দোকান পেলে সম্মানের সঙ্গে বেঁচে থাকার আশা প্রকাশ করেন।
সুমাইয়া জানায়, বাবা প্রতিদিন ভিক্ষা করতে পারেন না, ফলে অনেক সময় তাদের অনাহারে থাকতে হয়। সে পড়াশোনা চালিয়ে যেতে চায় এবং ভিক্ষার জীবন থেকে মুক্তি পেতে সমাজের বিত্তবান ও প্রশাসনের সহায়তা কামনা করেছে। এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন জানান, ভুক্তভোগী ব্যক্তি তার সঙ্গে দেখা করলে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করা হবে।





