নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের সালনায় পোশাক শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ চলাকালে নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে দুষ্কৃতকারীদের পরিকল্পিত হামলায় আহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তিনজন কর্মকর্তা ও ছয়জন আনসার ব্যাটালিয়ন সদস্যকে দেখতে শনিবার (২৮ নভেম্বর) আনসার-ভিডিপি হাসপাতাল পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরিদর্শনকালে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গাজীপুর জেলায় শিল্পকারখানা ও মহাসড়কের নিরাপত্তা রক্ষায় বর্তমানে আনসার ব্যাটালিয়নের ১৯টি প্লাটুন নিয়োজিত রয়েছে। গত ২৫ নভেম্বর দায়িত্ব পালনকালে আকস্মিক হামলার ঘটনার পরপরই আহতদের আনসার-ভিডিপি হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় আহত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, রনি ও আরাফাত। এছাড়া আহত সদস্যদের মধ্যে রয়েছেন হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আ: রহিম, নায়েক শাহাদাৎ হোসেন, ল্যান্স নায়েক আবদুল হান্নান, সিপাহি মহসিন ও সিপাহি মাসুম শেখ।
হাসপাতালে সাংবাদিকদের সাথে আলাপকালে মহাপরিচালক বলেন, সালনা এলাকায় দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যদের ওপর সহস্রাধিক দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। তিনি আরও জানান, দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সুরক্ষায় আনসার সদস্যরা নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করে বিপুলসংখ্যক শ্রমিকের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে নজিরবিহীন ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও পুলিশের সহায়তায় দ্রুত রিইনফোর্সমেন্ট পাঠানো হয় এবং মহাসড়কের প্রতিবন্ধকতা অপসারণ করে জনজীবন স্বাভাবিক করা হয়।
হামলার ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়ে মহাপরিচালক জানান, ইতোমধ্যে প্রাথমিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে আহতরা আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। মহাপরিচালক আহত সদস্যদের মনোবল অটুট রাখতে আশ্বস্ত করে বলেন, চরম প্রতিকূল পরিস্থিতিতেও গাজীপুরের নিরাপত্তা রক্ষায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের এই সাহসিকতা ও আত্মত্যাগ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বাহিনীর ভূমিকাকে আরও সুদৃঢ় করবে।




