দুই বছর পর ফিরছে কুচকাওয়াজ ও ডিসপ্লে
বিশেষ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ
দুই বছর বিরতির পর মহান বিজয় দিবসের আয়োজনে আবারও ফিরছে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে। আগামী ১৬ ডিসেম্বর দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এসব আয়োজন করা হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ ও ২০২৫ সালে বিজয় দিবসে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে বন্ধ রেখে বিকল্প হিসেবে বিজয়মেলার আয়োজন করা হয়েছিল। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পুরোনো ঐতিহ্যে ফিরছে সরকার।
এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে। শিক্ষার্থীদের নিয়ে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে এবারের কুচকাওয়াজ ও ডিসপ্লে আয়োজন ঘিরে প্রশাসনের বিশেষ নজরদারি থাকবে। ডিসপ্লেতে মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতীয় চেতনা ও দেশের ঐতিহ্যের বাইরে কোনো আপত্তিকর বা দেশবিরোধী বিষয় যাতে স্থান না পায়, সেজন্য আগেই স্ক্রিপ্ট যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা পর্যায়ে একাধিক উপকমিটি গঠন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রস্তাবিত স্ক্রিপ্ট পরীক্ষা ও অনুমোদন দেওয়া হবে।
পরীক্ষা শেষে প্রস্তুতি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বর্তমানে বার্ষিক পরীক্ষা চলায় কুচকাওয়াজ ও ডিসপ্লের প্রস্তুতি শুরু হতে কিছুটা সময় লাগবে। রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ জানান, আগামী ৬ ডিসেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার কথা। এর পরই শিক্ষার্থীরা বিজয় দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করবে। তিনি বলেন, এর আগেই একাধিক উপকমিটি গঠন করা হবে। এসব কমিটি স্কুল-কলেজের সঙ্গে যোগাযোগ করে ডিসপ্লের স্ক্রিপ্ট সংগ্রহ করবে। যাচাই-বাছাই শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও তাদের উপস্থাপনার বিষয়বস্তু অনুমোদন দেওয়া হবে।
একাধিক জেলা শিক্ষা কর্মকর্তা জানান, বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের নির্দেশনা রয়েছে। তবে ডিসপ্লেতে কোনো ধরনের বিতর্কিত বা দেশবিরোধী বিষয় উপস্থাপনের সুযোগ যেন তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকবে প্রশাসন। এ কাজে স্থানীয় প্রশাসনও সহযোগিতা করবে। নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল খালেক বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে আয়োজনের বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। আয়োজনটি কীভাবে সফল করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
মহান বিজয় দিবস উদযাপনে ১৯ দফা জাতীয় কর্মসূচি চূড়ান্ত করেছে সরকার। গত বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি নির্ধারণ করা হয়। সভার সিদ্ধান্তের আলোকে মাদ্রাসা শিক্ষা বোর্ডও অফিস আদেশ জারি করেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক নাজমুল হক বলেন, গত দুই বছর কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত না হওয়ার কারণ জানা নেই। এখন পরিস্থিতি ভিন্ন। তাই এবার এ আয়োজন না হওয়ার কোনো কারণ দেখছি না।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (দিবস ও সেবা) মোহাম্মদ আজিজুর রহমান বলেন, এবারের বিজয় দিবসে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দিবসটি উদযাপনে বরাদ্দ করা বাজেটের বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।






